ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল করেছে ছাত্র অধিকার নামে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি সংগঠন।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংগঠনের নেতা-কর্মীরা ডাকসু ভবনের সামনে থেকে মশাল মিছিল বের করে। মিছিলে তারা যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে শ্লোগান দেয়।
মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্যের সামনে এলে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা যুদ্ধাপরাধীদের বিচার কাজ অবিলম্বে শুরু করার দাবি জানিয়ে বলেন, বিচার না হওয়ায় দিন দিন যুদ্ধাপরাধীদের ধৃষ্টতা বেড়ে চলেছে।
সমাবেশ থেকে অবিলম্বে মুক্তিযোদ্ধা আলী আমানকে লাঞ্ছনাকারী জামায়াত-শিবির ক্যাডারদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। জামায়াত ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীকে জামিনে মুক্তিদান এবং এর দু'দিন পর সরকারের আপিলের ঘটনায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।
জামায়াতে ইসলামীকে 'যুদ্ধাপরাধীদের সংগঠন' আখ্যা দিয়ে বক্তারা তাদের রাজনীতি নিষিদ্ধ করারও দাবি জানান।
সমাবেশে সংগঠনের আহ্বায়ক আশরাফুল আলম ব্যাকুল, আযাদ, আশরাফ প্রমূখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/০০৩৯ঘ.
bdnews24