২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা ও সাভারে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত

কুমিল্লা ও সাভারে তিনটি সড়ক দুর্ঘটনায় শুক্রবার ১৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লার সদর দক্ষিণ ও দেবীদ্বারে চিকিৎসক দম্পতিসহ ১১ জনের মৃত্যু হয়েছে। আর সাভারের কবিরপুরে নিহত হয়েছেন ৬ জন। তিন দুর্ঘটনায় অন্তত ৬৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2008, 06:27 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা ও সাভারে তিনটি সড়ক দুর্ঘটনায় শুক্রবার ১৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লার সদর দক্ষিণ ও দেবীদ্বারে চিকিৎসক দম্পতিসহ ১১ জনের মৃত্যু হয়েছে। আর সাভারের কবিরপুরে নিহত হয়েছেন ৬ জন। তিন দুর্ঘটনায় অন্তত ৬৫ জন আহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- কুমিল্লা: দেবীদ্বার উপজেলার সংচাইলে শুক্রবার দুপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আট জন নিহত হয়েছেন। আহত অন্তত ২৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেবীদ্বার থানার উপ পরিদর্শক লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সোয়া ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কুটি থেকে কুমিল্লাগামী সুগন্ধা পরিবহনের বাসটি কুমিল্লা-সিলেট মহাসড়কের সংচাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ৬ জন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার কাইট শালার হেলাল উদ্দিন (৩৫), তার স্ত্রী সীতা বেগম (২৫), দেবীদ্বারের রুবি আক্তার (২৫), নার্গিস আক্তার (৬০), তার ছেলে কামাল উদ্দিন (২৫), সংচাইলের মোসলেম (৩২), হিরাপুরের হারুন (২৮) ও বশির (৩৫)। এদিকে সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীতে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষের পর একটি অ্যাম্বলেন্সে আগুন ধরে গেলে দগ্ধ হয়ে মারা গেছেন তিনজন। নিহতরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গোলাম হোসেন অপু (৩৫) ও তার স্ত্রী কুমিল্লা সদর হাসপাতালের চিকিৎসক তাহমিনা (২৮) এবং মাইক্রোবাসের চালক কামাল। সদর দক্ষিণ থানার উপ-পরিদর্শক আইয়ুব আলী জানান, গোলাম হোসেন ও তাহমিনা চৌদ্দগ্রাম থেকে অ্যাম্বুলেন্সে করে কুমিল্লা শহরে ফিরছিলেন। সুয়াগাজী আসার পর বিপরীত দিক থেকে আসা একটি কার্ভাড ভ্যানের সঙ্গে অ্যাম্বলেন্সটির সংঘর্ষ হয়। এতে গাড়ি দু'টি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। পরে কুমিল্লা থেকে দমকল বিভাগের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে এনে নিহতদের উদ্ধার করে। কাভার্ড ভ্যানের চালক বা হেলপারকে আটক করা যায়নি। সাভার: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কবিরপুরের ওয়াপদা এলাকায় শুক্রবার রাতে বাস ও ম্যাক্সির সংঘর্ষে ৬ ম্যাক্সিযাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন দুই গাড়ির অন্তত ৪০ আরোহী। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- সৌরভ (২৫), আব্দুল বারেক (৩৫) ও শিরীন (২৬)। আহতদের জিরানীর বাংলাদেশ কোরিয়া মৈত্রী হাসপাতাল ও লাইলি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আশুলিয়া থানার উপ পরিদর্শক শফিউল আলম জানান, টাঙ্গাইল থেকে ঢাকাগামী বাসটি রাত ৮টার দিকে ওয়াপদা এলাকায় পৌঁঁছালে নবীনগর থেকে কালিয়াকৈরগামী ম্যাক্সিটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ম্যাক্সিটি দুমড়ে মুচড়ে যায় এবং এর ৬ জন ঘটনাস্থলেই মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২৩৫২ ঘ.