চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বিডিআরের দুই সদস্য নিহত হওয়ার পর শুক্রবার বিকালে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে পতাকা বৈঠক শুরু হয়েছে।
বৃহস্পতিবার মধ্য রাতে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যদের গুলিতে বিডিআরের দুই সদস্য নিহত হন।
ঘটনায় পর বিডিআর বিএসএফকে প্রতিবাদপত্র পাঠায় ও পতাকা বৈঠকের আহ্বান জানান।
এর পরিপ্রেক্ষিতে শুক্রবার বেলা ৩টার দিকে ঘটনাস্থলের কাছে সীমান্তের মাসুদপুরে ১৬৮/৮ সাব পিলার সংলগ্ন এলাকায় পতাকা বৈঠক শুরু হয়। বৈঠকে বিডিআরের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সংস্থার রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল হানিফ।
বিকাল সাড়ে ৪টায় এ প্রতিবেদন প্রকাশ করা পর্যন্ত বৈঠক চলছিল।
নিহত বিডিআর সদস্যরা হলেন- হাবিলদার আব্দুল হান্নান সরকার (৫৫) ও ল্যান্স নায়েক কৃষ্ণপদ সাহা (২৮)। আব্দুল হান্নানের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার কৃতুনিয়া দূর্গাহাটা গ্রামে; কৃষ্ণপদের বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলার খোলাবাড়ী সিমাখালী গ্রামে।
শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে লাশ দুটির ময়নাতদন্ত হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মোহাম্মদ তাজউদ্দিন সাংবাদিকদের জানান, হাবিলদার আব্দুল হান্নানের শরীরে দুটি এবং ল্যান্সনায়েক কৃষ্ণপদ সাহার শরীরে ছয়টি বুলেট বিদ্ধ হয়।
চাঁপাইনবাববঞ্জে বিডিআরের ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া মো. নেয়ামত উল্লাহ শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার রাত ১২টার দিকে দুর্লভপুর ইউনিয়নের রঘুনাথপুর সীমান্তের ১১০/৫ এস পিলারের কাছ দিয়ে বাংলাদেশ ভূ-খণ্ডের ১৩শ গজ ভেতরে ভারতের মালদা জেলার ১০৮ বিএসএফ'র নিমতিতা ক্যাম্পের একদল জওয়ান ঢুকে পড়ে। বিডিআর চ্যালেঞ্জ জানালে তারা বেপরোয়াভাবে গুলি চালায়।"
নয়া দিল্লিতে ভারত-বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলার সময় বিএসএফ দুই বিডিআর সদস্যকে হত্যা করল। বৃহস্পতিবার শুরু হওয়া দু'দিনব্যাপী এ বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবেলাসহ বিভিন্ন সমস্যা নিয়ে দু'দেশের মধ্যে আলোচনা চলছে।
কর্নেল গোলাম কিবরিয়া জানান, বাংলাদেশ ভূ-খণ্ডে বিএসএফের প্রবেশের খবর রঘুনাথপুর গ্রামের লোকজন বিডিআরকে জানালে হাবিলদার আব্দুল হান্নান সরকার টহলদল নিয়ে ঘটনাস্থলে যান। বিডিআর সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে বিএসএফ সদস্যরা বেপরোয়াভাবে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই আব্দুল হান্নান সরকার ও কৃষ্ণপদ সাহা মারা যান।
ময়না তদন্তের জন্য নিহতদের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল ইকবাল ও চাঁপাইনবাবগঞ্জ বিডিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএসবি/১৬৩৪ ঘ.
bdnews24