২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর সদস্যদের হত্যা 'মারাত্মক ঘটনা': পররাষ্ট্র উপদেষ্টা

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিডিআরের দুই সদস্যকে হত্যা করায় বাংলাদেশ একে "মারাত্মক ঘটনা" হিসেবে অভিহিত করেছে। ঘটনার পুরো বিবরণ পাওয়ার পর নয়াদিল্লির কাছে প্রতিবাদ জানানো হবে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2008, 09:23 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিডিআরের দুই সদস্যকে হত্যা করায় বাংলাদেশ একে "মারাত্মক ঘটনা" হিসেবে অভিহিত করেছে। ঘটনার পুরো বিবরণ পাওয়ার পর নয়াদিল্লির কাছে প্রতিবাদ জানানো হবে। বৃহস্পতিবার রাতে বিএসএফের গুলিতে নিহত দুই বিডিআর সদস্য হলেন হাবিলদার আব্দুল হান্নান সরকার (৫৫) ও ল্যান্স নায়েক কৃষ্ণপদ সাহা (২৮)। পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী শুক্রবার বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, "আমরা এটাকে মারাত্মক ঘটনা বলে মনে করছি। ঘটনার পুরো রিপোর্ট পাওয়ার জন্য অপেক্ষা করছি। বিস্তারিত জানার পর আমরা যথাযথ প্রতিক্রিয়া জানাব।" তিনি বলেন, "এই মহূর্তে বীর দুই বাংলাদেশীর আত্মার মাগফিরাত কামনা করছি আমরা। তাদের পরিবারের সদস্যদের প্রতি সান্ত্বনা জানাচ্ছি।" প্রশ্নের জবাবে তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনার তদন্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন দেবে। তিনি প্রতিবেদন দেওয়ার সময়সীমা জানাতে পারেননি। এ ঘটনা দুই দেশের সচিব পর্যায়ের চলমান আলোচনায় প্রভাব ফেলবে কীনা প্রশ্নের জবাবে তিনি বলেন, "এ মুহূর্তে এ নিয়ে মন্তব্য করা ঠিক হবে না।" নয়া দিল্লিতে ভারত-বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলার সময় বিএসএফ দুই বিডিআর সদস্যকে হত্যা করল। বৃহস্পতিবার শুরু হওয়া দু'দিনব্যাপী এ বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবেলাসহ বিভিন্ন সমস্যা নিয়ে দু'দেশের মধ্যে আলোচনা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমএইচবি/১২৫০ ঘ.