ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও বরিশালে বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় এক মুক্তিযোদ্ধা ও এক পুলিশ সদস্যসহ ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৫ জন।
এর মধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে দুপুরে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
নিহতরা হলেন- নোয়াখালীর ফুলবানু (৪০) ও তার মেয়ে পপি (৪), ফেনী সদরের মাদ্রাসা শিক্ষক মো. মোস্তফা (৩৫), নোয়াখালীর সোনাপুরের মোয়াজ্জেম হোসেন (৭০), খায়রুন্নেসা (৫০), আব্দুল্লাহ (২৮), চট্টগ্রাম রেলওয়ের কর্মচারি মোমিনুল্লাহ, চট্টগ্রামের পটিয়ার আসমাউল হোসনা (১৩)।
আমাদের চট্টগ্রাম অফিস জানায়, দুর্ঘটনার পরপরই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেল সাড়ে তিনটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
সীতাকুণ্ড হাইওয়ে থানার পরিদর্শক আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর দেড়টার দিকে বাঁশবাড়িয়ায় নোয়াখলীর সোনাপুরগামী বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। কাভার্ড ভ্যানটি চট্টগ্রাম যাচ্ছিল।
তিনি জানান, ঘটনাস্থলেই মারা যান চারজন। আহতদের ভর্তি করা হয় সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
এদের মধ্যে সীতাকণ্ডে চিকিৎসাধীন একজন মারা গেছেন।
বাস ও কার্ভাড ভ্যান পুলিশ হেফাজতে রয়েছে বলে পরিদর্শক মালেক জানান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহিরুল হক জানান, আহতদের হাসপাতালে আনার পর তিনজন মারা যান।
নাটোর প্রতিনিধি জানান, নাটোর-বগুড়া মহাসড়কের বাকশোর মোড়ে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এক সাইকেল আরোহীসহ দুই ব্যক্তি নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন।
নিহতদের একজন হলেন সাইকেল আরোহী নূর ইসলাম (৪৫)। তিনি সিঙড়া উপজেলার তালতলা গ্রামের বাসিন্দা। অপর ব্যক্তির নাম জানা যায়নি।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আলী জানান, দুপুরে নাটোর থেকে বগুড়া যাওয়ার পথে সেতু পরিবহন নামের বাসটি সাইকেল আরোহী নূর ইসলামকে বাঁচাতে গিয়ে খাদে পড়ে যায়।
এ সময় নিয়ন্ত্রণহীন বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নূর ইসলামের মৃত্যু হয়। এছাড়াও অজ্ঞাতনামা এক বাস যাত্রী খাদের পানিতে ডুবে মারা যায়।
তিনি জানান, দুর্ঘটনায় ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আঙ্গুরি বেগম নামের এক বৃদ্ধাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, বিকেলে চাপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের রাজারামপুর এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন এক মুক্তিযোদ্ধা।
নিহত মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ (৫৫) চাঁপাইনবাবগঞ্জ শহরের কুমারপাড়ার বাসিন্দা।
সদর থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতোয়ার রহমান জানান, বিকেল সাড়ে চারটার দিকে উপর রাজারামপুর মোড়ে সাইকেল আরোহী আব্দুর রশিদ রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস চাপা তাকে দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। বাসটি চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে বাসটি আটক করা যায়নি বলে তিনি জানান।
বরিশাল প্রতিনিধি জানান, নগরীর রূপাতলী এলাকায় দুপুরে বাস-টেম্পু মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ কনষ্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন টেম্পুর অপর পাঁচ যাত্রী।
নিহত পুলিশ কনষ্টেবলের নাম খলিলুর রহমান (৪২)। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামুদ্দি ইউনিয়নে। খলিল বরিশাল রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত ছিলেন।
আহতদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- নেছারউদ্দিন, অবিরাম ঘোষ, সেকান্দার, ফজলুর রহমান, বিনয় কুণ্ডু, জলিল। আহত আরও কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পটুয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী অন্তরা পরিবহনের বাসটি দুপুরে বরিশাল পৌঁছায়। বাসটি রূপাতলী সোনারগাঁ টেক্সটাইল অতিক্রম করার সময় বরিশাল থেকে দপদপিয়া ফেরিঘাটগামী একটি টেম্পুকে ধাক্কা দেয়। এতে টেম্পুটি দুমড়ে-মুচড়ে যায়।
বাসটি আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমএআর/কিউএইচ/এমএসবি/২০৩৪ ঘ.
bdnews24