২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণের সম্পৃক্ততা ছাড়া সন্ত্রাস নির্মূল সম্ভব নয়: র‌্যাব মহাপরিচালক

জনগণের সম্পৃক্ততা ছাড়া চরমপন্থী ও সন্ত্রাসীদের অপতৎপরতা নির্মূল করা সম্ভব হবে না বলে মনে করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2008, 02:19 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনগণের সম্পৃক্ততা ছাড়া চরমপন্থী ও সন্ত্রাসীদের অপতৎপরতা নির্মূল করা সম্ভব হবে না বলে মনে করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার। তিনি বলেন, "দক্ষিণ পশ্চিমাঞ্চলে চরমপন্থী ও সন্ত্রাসীদের দমনে যে সফলতা এসেছে তা ধরে রাখতে হবে। সুন্দর এক নবযাত্রা শুরু হয়েছে, তার স্থায়ী রূপ দিতে হবে। সামাজিক নিয়ন্ত্রণে শিথিলতার কারণে আমাদের সমাজে এ স্খলন ঘটেছিল। সামাজিক নিয়ন্ত্রণ আবার ফিরিয়ে আনতে হবে।" বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে 'সন্ত্রাস নির্মূলে গণসচেতনতা' শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে র‌্যাব কর্মকর্তা এ কথা বলেন। সামাজিক নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে কমিউনিটি পুলিশিংয়ের ওপর গুরুত্বারো করে তিনি বলেন, "কমিউনিটি পুলিশিংয়ের কার্যকারিতা আরও জোরদার করতে হবে। এ ব্যাপারে র‌্যাব ও পুলিশ তাদের সর্বাত্মক সহায়তা দিয়ে যাবে।" র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্প অধিনায়ক মেজর তারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- র‌্যাব-৬ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মেফতাউল করিম, ঝিনাইদহ জেলা প্রশাসক আবু সাইদ ফকির, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, শৈলকুপা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হোসাইন খান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মনোয়ার হোসেন মালিতা প্রমুখ। অনুষ্ঠানে চরমপন্থীদের হাতে নিহত ঝিনাইদহের ঠিকাদার সুবোধ কুমার কুন্ডুর স্ত্রী ও গাংনা ইউনিয়নের চেয়ারম্যান শরাফত হোসেনের স্ত্রী ও মেয়ে তাদের স্বজন হত্যার বিচার দাবি করেন। এর আগে সকালে র‌্যাব মহাপরিচালক কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এম. এন. উচ্চবিদ্যালয় মিলনায়তনে আরেকটি মতবিনিময় সভায় যোগ দেন। র‌্যাব- ১২ কুষ্টিয়া ইউনিটের আয়োজনে ওই সভায় আরও বক্তব্য রাখেন- কুষ্টিয়া জেলা প্রশাসক নেপুর আহমেদ, পুলিশ সুপার মুসলেহ উদ্দিন আহমেদ, র‌্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের কমান্ডিং অফিসার বখতিয়ার আলম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. আনোয়ারুল করিম, কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুজ্জামান, কুমারখালী পৌরসভার চেয়ারম্যান আনছার উদ্দিন প্রামাণিক, খোকসা পৌরসভার চেয়ারম্যান তাঁতারী খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০১৭ ঘ.