মানিকগঞ্জ, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ওয়াইজনগর গ্রামে রোমানা আক্তার নামে এক স্কুলছাত্রী খুন হয়েছে।
বুধবার সকালে গ্রামের একটি পাট ক্ষেত থেকে রোমানার লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ধর্ষণের পর শ্বাসরোধে রোমানাকে হত্যা করা হয়েছে।
রোমানা গ্রামের ব্র্যাক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়তো। তার বাবা চান আলী সৌদি আরব প্রবাসী ।
নিহতের চাচা কদম আলী সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ৭টার দিকে বৃষ্টির মধ্যেই স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় রোমানা। সকাল পৌনে ১০টার দিকে স্কুলের পাশে একটি পাট ক্ষেতের ভেতর গলায় কাঁচা পাটের রশি প্যাঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
রোমানার সহপাঠী আমিনূর, আলমগীর ও রোজিনা জানায়, সকাল সোয়া ৯টার দিকে তারা স্কুলে এসে শ্রেণি কক্ষের বেঞ্চের ওপর রোমানার বই, খাতা ও ওড়না দেখতে পায়। কিন্তু রোমানা ছিল না। এরপর তারা আশেপাশে খোঁজাখুজি করে। পরে এলাকার লোকজন এসে স্কুল থেকে আড়াইশ গজ দূরে পাট ক্ষেত থেকে লাশ উদ্ধার করে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্কুলটির এক কিলোমিটারের মধ্যে কোনও বাড়িঘর নেই। চারপাশে শুধু পাট আর ধনিচা ক্ষেত। প্রাথমিক তদন্ত অনুযায়ী আমরা ধারণা করছি, কোনও দুস্কৃতী রোমানাকে একা পেয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে।"
রোমানার লাশ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কদম আলী বাদি হয়ে একটি মামলা করেছেন বলে ওসি সেলিম নেওয়াজ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৩৩ ঘ.
bdnews24