ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশিদের সঙ্গে ষড়যন্ত্র করে বর্তমান সরকার 'দখলদারিত্ব ও তাঁবেদার' সরকারে পরিণত হয়েছে বলে ধারণা করছেন জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লা।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে 'চিরন্তন বাংলাদেশ' নামের একটি সংগঠন আয়োজিত "ট্র্যানজিট ঃ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় নিরাপত্তা" শীর্ষক এক মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এই অভিমত দেন।
ঐতিহ্যগতভাবে ভারত-বিরোধিতার জন্য পরিচিত দল জামায়াতে ইসলামীর এ নেতা বলেন," বর্তমান সরকার আর তত্ত্বাবধায়ক সরকার নেই। বিদেশিদের সঙ্গে ষড়যন্ত্র করে এই সরকার দখলদারিত্ব ও তাঁবেদার সরকারে পরিণত হয়েছে।"
সরকারের দেশকে 'লাইনচ্যুত ট্রেন' হিসেবে উল্লেখ করার কথা তুলে ধরে তিনি বলেন "বর্তমান সরকার এই লাইনচ্যুত ট্রেনকে খাদ থেকে গভীর সমুদ্রে ফেলে দিয়েছে।"
কাদের মোল্লা ভারতকে ট্র্যানজিট দেওয়ার বিরোধিতা করে তিনি একে 'দেশ ইজারা' দেওয়ার সঙ্গে তুলনা করেন। "ভারতের কাছে দেশকে ইজারা দেওয়ার চেষ্টা করলে আপনাদেরকেই চিরদিনের জন্য বিদেশের কাছে ইজারা দেওয়া হবে", উপদেষ্টাদের সতর্ক করে দেন কাদের মোল্লা।
জরুরি অবস্থা প্রত্যাহার করে আগামী ৩০অক্টোবরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবিও জানান তিনি।
বর্তমান সরকারের ট্র্যানজিট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোন অধিকার নেই বলে অভিমত দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। এ প্রসঙ্গে তিনি বলেন,"নির্বাচিত সরকার ক্ষমতায় এলে সমস্ত দিক বিবেচনা করে এই বিষয়ে আলোচনা করতে পারে।"
এই সরকারের কোনো কার্যক্রমেরই বৈধতা নেই বলে মন্তব্য করেন বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান।
সংগঠনের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক আমানুল্লাহ কবীর, মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ।
বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসকে/১৯১৪ঘ.
bdnews24