চট্টগ্রাম, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি হত্যা মামলায় চার জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত।
চট্টগ্রাম নগরীর উত্তর নালাপাড়া এলাকার শহীদুল্লাহ কায়সার নামে এক যুবককে হত্যার দায়ে বিচারক একরামুল হক চৌধুরী বুধবার এ দণ্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলো- মো. মোরশেদ ওরফে কানা টিটু, আবুল কাশেম ওরফে মিঠু, মো. মহসিন ওরফে ল্যাংড়া সাজু এবং মো. শামসু।
যাবজ্জীবন সাজার পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অর্থ না দিলে তাদের আরও এক বছর সাজা খাটতে হবে।
দণ্ডপ্রাপ্ত চার জনের মধ্যে মোরশেদ পলাতক রয়েছে। বাকিরা কারাগারে।
১৯৯৮ সালের ১১ ফেব্র"য়ারি উত্তর নালাপাড়ার আজম আলী মসজিদের সামনে গুলি চালিয়ে কায়সারকে হত্যা করা হয়। ওই দিনই কায়সারের ভাই মোহাম্মদ ইদ্রিস ডবলমুরিং থানায় হত্যামামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, এলাকায় ফেনসিডিল বিক্রিতে বাধা দেওয়ার আসামিরা পরিকল্পিতভাবে কায়সারকে হত্যা করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আজম ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দিয়েছেন। ১৯৯৮ সালের ২৯ মে আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল এবং ২০০১ সালের ২৭ মার্চ অভিযোগ গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/১৭৪০ ঘ.
bdnews24