গাজীপুর, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাওয়াল জাতীয় উদ্যানের সংরক্ষিত মৌজায় ভূমি জরিপ কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে দুইটি মামলা করেছে সরকার।
গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) নূরুল ইসলাম ও বিশিয়া কুড়িবাড়ি বন বিট কর্মকর্তা মো. ফকরউদ্দীন বাদি হয়ে সোমবার রাতে জয়দেবপুর থানায় এ মামলা দুটি করেছেন।
মামলার আসামিরা হলেন- স্থানীয় নির্জনা অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুর রহমান, মহাব্যবস্থাপক মিজানুর রহমান, উর্দ্ধতন ব্যবস্থাপক আতিকুর রহমান, কেয়ারটেকার রাকিবুল ও নিরাপত্তা প্রহরী আব্দুল আজিজ।
এর মধ্যে রাকিবুল ও আব্দুল আজিজকে আটক করা হয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জরুরি বিধি ভঙ্গ, সরকারি কাজে বাধা এবং মারপিটের অভিযোগে থানায় দুটি মামলা করা হয়েছে।"
মামলার বরাত দিয়ে আব্দুর রশীদ জানান, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নির্দেশে ভূমি অফিসের সার্ভেয়ার মো. কাইয়ুমসহ কয়েকজন কর্মকর্তা-কর্মচারি জরিপ কাজে সোমবার সকাল ১১টার দিকে বিশিয়া কুড়িবাড়ি মৌজায় নির্জনা অ্যাপারেলসে যান। কিন্তু কারখানা কর্তৃপক্ষ সরকারি কর্মচারিদের ভেতরে ঢুকতে না দিয়ে নাজেহাল করেন। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) নূরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে একই পরিস্থিতির মুখোমুখি হন।
মামলায় অভিযোগ করা হয়, কারখানা কর্তৃপক্ষ এ সময় কয়েকশ' লোক দিয়ে মিছিল করিয়ে জরুরি আইন লংঘন করে।
সহকারী কমিশনার (ভূমি) নূরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ ঘটনাস্থল থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্ধার করে নিয়ে এলে পরিস্থিতি শান্ত হয়।"
কমিশনার জানান, ঘটনার পর বিকেল ৫টার দিকে নির্জনা অ্যাপারেলসের এমডি সাইফুর রহমান কয়েকজন সহযোগী নিয়ে ঘটনার জন্য দু:খ প্রকাশ করতে আসেন গাজীপুর সদর উপজেলা ভূমি কার্যালয়ে। তাদের কথা শোনার পর কমিশনার তার কর্মচারীদের সাইফুর রহমানসহ অন্যদের আটক করার নির্দেশ দেন। কিন্তু সাইফুর রহমান দ্রুত গা ঢাকা দেন। কর্মচারীরা দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
বন বিট কর্মকর্তা মো.ফখরউদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশিয়া কুড়িবাড়ি মৌজায় নির্জনা অ্যাপারেলস বন বিভাগের ১৪ শতাংশ জমি দখল করেছে। এছাড়া ওই কারখানার প্রবেশ পথও বন বিভাগের জমি দখল করে তৈরি করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩৩০ঘ.
bdnews24