২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে এবং মুক্তিযোদ্ধা লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা কর্মীরা। এ সময় তারা জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদের কুশপুত্তলিকা দাহ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2008, 02:09 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে এবং মুক্তিযোদ্ধা লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা কর্মীরা। এ সময় তারা জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদের কুশপুত্তলিকা দাহ করে। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে কলা ভবন প্রদক্ষিণ করে। এরপর ডাকসু ভবনের সামনে তারা সমাবেশ করে। সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহেল রানা টিপু বলেন, স্বাধীনতার ৩৭ বছর পরেও যুদ্ধাপরাধীরা এদেশের আলো বাতাসে বাস করছে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তারা কথা বলতে সাহস করছে। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। চিহ্নিত সকল যুদ্ধাপরাধীদের বিচারে সরকারকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। কেন্দ্রীয় শাখার সভাপতি মাহমুদ হাসান রিপন অবিলম্বে বিশেষ ট্রাইবুনাল গঠন করে যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের রাজনীতি বন্ধের দাবি জানান। সমাবেশ পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, রিপন পোদ্দার এবং সহ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমসহ প্রমূখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কিউএইচ/এমএ/২০০৫ ঘ.