২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোকান থেকে সিগারেট কেড়ে নেওয়ায় র‌্যাব সদস্য গ্রেপ্তার

ফুটপাতের দোকান থেকে সিগারেট ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে মঙ্গলবার সকালে র‌্যাবের এক সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2008, 12:35 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুটপাতের দোকান থেকে সিগারেট ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে মঙ্গলবার সকালে র‌্যাবের এক সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম চৌধুরি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র‌্যাব সদস্য কনস্টেবল তারিকুল ইসলাম এবং তার বন্ধু জাকির হাসান এঞ্জেল ও সারোয়ার মজুমদার মঙ্গলবার ভোরে আজমপুর বাসস্ট্যান্ডের ফুটপাথের দু'টি দোকান থেকে জোর করে কয়েক প্যাকেট সিগারেট ও দু'হাজার তিনশ টাকা নিয়ে চলে যায়। সারোয়ার ভুল করে একটি দোকানে পরিচয়পত্র ফেলে যায়। সকাল ৮টার দিকে বন্ধুদের নিয়ে তিনি পরিচয়পত্রটি নিতে এলে স্থানীয় লোকজন তাদের ধরে পিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে। ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, "ফুটপাতের দোকানদার আনোয়ার হোসেন একটি মামলা করেছেন। তিনজনকেই আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।" র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র‌্যাব- ১ এ কর্মরত তারিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আরো কঠিন ব্যবস্থা নেওয়া হবে। তারিকুল ইসলামের বিরুদ্ধে আরো কিছু অভিযোগ তদন্তাধীন আছে বলেও জানান তিনি। মঙ্গলবার বিকেলে কনস্টেবল তারিকুল ইসলাম এবং তার বন্ধু জাকির ও সারোয়ারকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হলে মহানগর হাকিম শামীমা পারভীন তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিবি/এসএনডি/১৮২৪ ঘ.