২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডব্লিউটিও বৈঠকে অকৃষি পণ্য শুল্ক ও কোটামুক্ত করার দাবি জানানো হবে: উপদেষ্টা

সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বৈঠকে বাংলাদেশ বিশ্ববাজারে বাণিজ্যিকভাবে অকৃষি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করার দাবি জানাবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2008, 12:03 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বৈঠকে বাংলাদেশ বিশ্ববাজারে বাণিজ্যিকভাবে অকৃষি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করার দাবি জানাবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। হোসেন জিল্লুর রহমান বলেন, "জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বৈঠকের প্রস্তুতির অংশ এ সভা। আজকের (মঙ্গলবার) বৈঠকে বাংলাদেশের কৌশল সম্পর্কে আলোচনা হয়েছে। আমরা কতটুকু দাবি করবো এবং কতটুকু পর্যন্ত গ্রহণ করবো, তা নিয়েই মূল আলোচনা হয়েছে। ডব্লিউটিও সম্মেলনে বিশ্ববাজারে কৃষি পণ্যের বাইরেও অকৃষি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশের বিষয়ে দাবি জানাবে বাংলাদেশ।" তিনি জানান, ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত মূল বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে ১৯ ও ২০ জুলাই ব্রাজিল ও চীনসহ কয়েকটি দেশের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। সেখানে বাংলাদেশের বিষয়গুলো উত্থাপন ও সমাধানের চেষ্টা করা হবে। উপদেষ্টা জানান, এটি একটি বড় ফোরাম। এখানে বিভিন্ন দেশের ও আঞ্চলিক সংস্থার স্বার্থের দ্বন্দ্বসহ বহুমুখী বিষয় রয়েছে। তাই খুব কৌশলী হয়ে সুবিধা আদায়ের জন্য কাজ করতে হবে। এখানে বাংলাদেশের স্বার্থগুলো নতুন করে তোলার সুযোগ রয়েছে। একইসঙ্গে কোন কোন স্বার্থগোষ্ঠীর সঙ্গে আমাদের জোটবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে, তাও দেখা হবে। জিল্লুর রহমান জানান, ১৪ সদস্যের প্রতিনিধি দলে উপদেষ্টাসহ সরকারি প্রতিনিধি থাকবেন তিনজন। এদের মধ্যে ডব্লিউটিও সেলের মহাপরিচালক ও অন্য একজন কর্মকর্তা থাকবেন। এছাড়া জেনেভায় বাংলাদেশ মিশন থেকে ড. দেবপ্রিয় ভট্টাচার্যসহ তিনজন যোগ দেবেন। এর বাইরে এফবিসিসিআইসহ বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের পাঁচজন শীর্ষ নেতা এবং তিনজন গবেষক থাকবেন। তিনজন গবেষক হলেন- বিএফটিআই প্রধান ড. মোহাম্মদ আলী তসলিম, ড. মোস্তফা আবিদ এবং সিপিডি'র নির্বাহী পরিচালক ড. মুস্তাফিজুর রহমান। সরকারি প্রতিনিধিদের বাইরে সবাই নিজ খরচে সেখানে যাবেন। বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ ও ডব্লিউটিও সেলের মহাপরিচালক অমিতাভ চক্রবর্তী ছাড়াও এফবিসিসিআইর সভাপতি আনিসুল হক ও সাবেক সভাপতি মীর নাসির হোসেন এবং অন্যান্য বাণিজ্য সংগঠনগুলোর প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এমএ/১৭৫৬ ঘ.