ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশে পর্যায়ক্রমে অদক্ষ কর্মী রপ্তানি বন্ধের পরিকল্পনা করছে সরকার। শ্রমিকদের হয়রানি বন্ধ করতে এ ধরনের চিন্তা ভাবনা করা হচ্ছে।
মঙ্গলবার রাজধানীতে অভিবাসী শ্রমিকদের ওপর এক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুল মতিন চৌধুরী সাংবাদিকদের এ কথা বলেন।
আব্দুল মতিন চৌধুরী বলেন, "শ্রমিকরা যেন তাদের কাক্সিক্ষত দেশে গিয়ে হয়রানির শিকার না হয় সে লক্ষ্যে আমরা ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করছি।"
তবে বেকারত্ব বাড়বে বলে এখনই নিষেধাজ্ঞার পরিকল্পনা সরকারের নেই বলে তিনি উল্লেখ করেন।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যৌথভাবে দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে। হোটেল শেরাটনে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কার প্রতিনিধি অংশ নিচ্ছেন।
দক্ষতার উন্নয়ন একটি দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া-এ মন্তব্য করে আব্দুল মতিন জানান, এ ব্যাপারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একযোগে কাজ করছে।
বাংলাদেশে আইএলও এর পরিচালক পানুদ্ধা বোনপালা বলেন, অবৈধভাবে বসবাসের কারণে অভিবাসী কর্মীরা বিভিন্ন সমস্যায় পড়ছে।
পানুদ্ধা বোনপালা আরো বলেন, অভিবাসী শ্রমিকদের বেশিরভাগকেই নিম্নমানের কাজ এবং থাকা ও স্বাস্থ্যগত সমস্যায় পড়তে দেখা যায়। বৈধ কাগজপত্রহীন শ্রমিকদের বেশিরভাগ চাকরিদাতাই নিয়মিত মজুরিও পরিশোধ করে না।
বৈধ কাগজপত্র না থাকলে সংশ্লিষ্ট দেশের শ্রম আইনে অবৈধ শ্রমিকদের অধিকার নিশ্চিত করা যায় না বলে জানান তিনি।
আইএলও এর তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দুই কোটি ৪০ লাখ মানুষ বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে। এর ৩৮ শতাংশই ভারতের এবং ২৯ শতাংশ বাংলাদেশের।
তাদের তথ্যমতে, বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত দক্ষিণ এশিয়ার ৬০ শতাংশ কর্মী উপসাগরীয় দেশে রয়েছে। ইউরোপ ও উত্তর আমেরিকায় রয়েছে ১৫ শতাংশ করে এবং ১০ শতাংশ প্রতিবেশী দেশগুলোতে অবস্থান করছে।
সংস্থাটির হিসেব অনুযায়ী, ২০০৭ সালে দক্ষিণ এশিয়ায় আসা মোট রেমিটেন্স ছিল ৪ হাজার ৩০০ কোটি ডলার। এর মধ্যে ৬১০ কোটি ডলার আসে বাংলাদেশে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/১৫৩৮ঘ.
bdnews24