সিলেট, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি চমক দেখাবে বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ।
সোমবার সিলেটে জাতীয় পার্টির বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এ দাবি করেন। নগরীর রিকাবিবাজারে এম সাইফুর রহমান মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এরশাদ বলেন, "জাতীয় পার্টি সারাদেশে আবার শক্তিশালী হতে শুরু করেছে। আমি জেলে থাকা অবস্থায় সিলেটবাসী আমাকে আটটি আসন দিয়েছিল। এ আসনগুলো আবার তারা আমাকে দেবেন।"
তিনি বলেন, "আমি আবারও ক্ষমতায় গেলে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করব। প্রাদেশিক সরকার গঠন করে সিলেটেই রাখবো সিলেটের রাজধানী। জনগণের হাতে তুলে দেব সব ক্ষমতা। আপনারা আমাকে বুক টেনে নেন। আমি আপনাদের পাশে থাকবো।"
আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি আবার ঘুরে দাঁড়াবে- এই ঘোষণা দিয়ে এরশাদ বলেন, "আমি কারাগারে থেকে ৩৫ আসন পেয়েছিলাম। এখন যারা কারাগারে আছেন, তারা নির্বাচন করুক, তারপর দেখা যাবে কয়টি আসন পায়। সবাই মিলেও তারা ৩৫টি আসন পাবে না।"
প্রতিনিধি সম্মেলনে জাতীয়পার্টির প্রার্থী ঘোষণার কথা থাকলেও এরশাদ এ ব্যাপারে কোনো বক্তব দেননি।
সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি নেতা কুনু মিয়া ও আবদুস সামাদ নজরুল মেয়র পদে প্রার্থী হয়েছেন।
প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবিদ আলী, সাবেক সাংসদ আবদুল মজিদ মাস্টার, সিলেট জেলা জাতীয় পার্টি সভাপতি ও সিটি করপোরেশনে মেয়র প্রার্থী কুনু মিয়া, সুনামগঞ্জের সহ সভাপতি অ্যাডভোকেট আজিজুল বারী কামাল, সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির, সুনামগঞ্জের সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদুল হক কনা মিয়া, মৌলভীবাজারের সাধারণ সম্পাদক সৈয়দ সাহাবুদ্দিন, সিলেট সদরের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নবীগঞ্জের আহবায়ক আবুল খায়ের প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২৩৩০ ঘ.
bdnews24