চট্টগ্রাম, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- মিথ্যা পরিচয়ে বিদেশে যাওয়ার চেষ্টার সময় সোমবার চট্টগ্রাম বিমানবন্দর থেকে আটক হয়েছেন জাহিদা বেগম (২২) নামে মিয়ানমারে এক নাগরিক।
জাহিদাকে বিদেশে পাঠানোয় সহায়তার অভিযোগে বিমানবন্দর এলাকা থেকে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- কক্সবাজারের মাহমুদুল ইসলাম, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মো. জাফর ও নুরুল আলম।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার আবু সুফিয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম থেকে দুবাইগামী ফ্লাইটের যাত্রী জাহিদা বেগমকে ইমিগ্রেশন পুলিশ আটক করে। পরে জিজ্ঞাসাবাদে সে নিজেকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে স্বীকার করে।
তিনি জানান, জাহিদার স্বীকারোক্তি অনুযায়ী বিমানবন্দরের বাইরে থেকে পাচারে সহায়তাকারী তিন জনকে গ্রেপ্তার করা হয়।
বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের বাসিন্দা পরিচয়ে গত ২২ মে বাংলাদেশের পাসপোর্ট নিয়েছিলেন জাহিদা।
গ্রেপ্তারের পর চারজনকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এসএনডি/২৩০৩ ঘ.
bdnews24