২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ন্তী রেজা হত্যা মামলায় আজম রেজার আপিলের শুনানি শুরু

স্থপতি ও স্কুল শিক্ষিকা জয়ন্তী রেজা হত্যা মামলার নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি নিহতের স্বামী আজম রেজার আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি হাইকোর্টে শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2008, 04:32 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- স্থপতি ও স্কুল শিক্ষিকা জয়ন্তী রেজা হত্যা মামলার নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি নিহতের স্বামী আজম রেজার আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি হাইকোর্টে শুরু হয়েছে। সোমবার বিচারপতি এ কে এম ফজলুর রহমান ও বিচারপতি এ টি এম ফজলে কবিরের বেঞ্চ শুনানি গ্রহণ শুরু করেন। প্রথম দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাহিদ মাহতাব এ মামলার এজাহার, অভিযোগপত্র, সুরতহাল প্রতিবেদন, আসামির জবানবন্দি, ছেলেকে নিয়ে জয়ন্তী ও আজম রেজার আপোসনামা ও ১৩ জন সাক্ষির সাক্ষ্য আদালতে পড়ে শোনান। মঙ্গলবার তিনি মামলার নিম্ন আদালতের রায় আদালতে পড়ে শোনাবেন। ২০০৪ সালের ১০ জানুয়ারি রাজধানীর গুলশান থানায় আজম রেজা, আজমের বোন শম্পা রেজা ও অভিনেত্রী আফসানা মিমির বিরুদ্ধে এ হত্যা মামলা করেন জয়ন্তীর মা লুসিল সাদেকীন। মামলায় ওই বছর ৯ জানুয়ারি স্ত্রী জয়ন্তী রেজাকে হত্যার অভিযোগ আনা হয় আজম রেজার বিরুদ্ধে। মামলার দিনই আজম রেজাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিনেত্রী আফসানা মিমির সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্কের কারণে আজম রেজা এ হত্যাকাণ্ড ঘটান বলে এজাহারে অভিযোগ করা হয়। এরপর ২০০৪ সালের ২৩ মার্চ আজম রেজার বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। তবে অভিযোগ থেকে শম্পা রেজা ও আফসানা মিমির নাম বাদ দেওয়া হয়। ২০০৫ সালের ১৭ জানুয়ারি ঢাকার দ্রুত বিচার আদালতের বিচারক এ আর মাসুদ জয়ন্তী হত্যার অভিযোগে আজম রেজাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। রায়ের পরপরই আজম রেজা হাইকোর্টে আপিল করেন। আজমের পক্ষে শুনানিতে অংশ নেবেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীর সঙ্গে জয়ন্তীর মায়ের নিয়োগ করা আইনজীবী সৈয়দ শাহীদুর রহমান, আদিলুর রহমান খান ও রুহুল আমিন ভুইয়া শুনানিতে অংশ নেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/এসকে/২২২৮ঘ.