২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামপুরে র‌্যাবের 'ক্রসফায়ারে' দু'জন নিহত, পরিবারের দাবি হত্যা

রাজধানীর শ্যামপুরে সোমবার ভোরে র‌্যাবের 'ক্রসফায়ারে' মোশারফ হোসেন সেন্টু (২৬) ও রেজাউল করিম (২০) নামে দুই যুবক নিহত হয়েছে। নিহত দু'জনকে স্থানীয় রোজেন বাহিনীর সদস্য এবং চাঁদাবাজি ও হত্যা মামলার আসামি দাবি করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2008, 04:32 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামপুরে সোমবার ভোরে র‌্যাবের 'ক্রসফায়ারে' মোশারফ হোসেন সেন্টু (২৬) ও রেজাউল করিম (২০) নামে দুই যুবক নিহত হয়েছে। নিহত দু'জনকে স্থানীয় রোজেন বাহিনীর সদস্য এবং চাঁদাবাজি ও হত্যা মামলার আসামি দাবি করেছে র‌্যাব। তবে স্বজনদের দাবি, সেন্টু গার্মেন্টস সামগ্রী ব্যবসায়ী এবং রেজাউল যাত্রাবাড়ির ইউনূস সুপার মার্কেটের একটি দোকানের কর্মচারী। জমি কেনাবেচার দালাল জনৈক জিয়া ভাই, আমিনুল এবং তার বাবা বাবুল নেপথ্যে থেকে র‌্যাব সদস্যদের দিয়ে হত্যার ঘটনা ঘটিয়েছে বলেও অভিযোগ করেছে স্বজনরা। র‌্যাব- ১০ এর অপারেশন কর্মকর্তা ফ্লাইট লেফটেনেন্ট মোস্তফা হুমায়ন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সেন্টু স্থানীয় শীর্ষ সন্ত্রাসী রোজেন গ্র"পের সদস্য। সে নিজেই রোজেনের নাম ব্যবহার করে চাঁদাবাজি করত। রেজাউল তাকে সহায়তা করত। ধারাবাহিক চাপের কারণে ব্যবসায়ীরা তাদের চাঁদার টাকা দিতে বাধ্য হতেন।" তিনি বলেন, "রোববার রাতে সেন্টু ও রেজাউলকে গ্রেপ্তারে পর তাদের নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য নামা শ্যামপুরের শহীদ মুক্তার হোসেন সরণিতে যায় আমাদের একটি দল। এ সময় রোজেন বাহিনীর সদস্যরা গ্রেপ্তারকৃত দু'জনকে ছিনিয়ে নিতে র‌্যাবের ওপর গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ সময় পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয় সেন্টু ও রেজাউল। আধাঘণ্টা গোলাগুলির পর তাদের লাশ পড়ে থাকতে দেখে র‌্যাব সদস্যরা। পরে পুলিশ লাশ উদ্ধার করে।" শ্যামপুর থানার উপ-পরিদর্শক শাহজালাল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্যামপুরের চারিদিকে দেয়ালঘেরা একটি জায়গা থেকে সোমবার ভোররাতে সেন্টু ও রেজাউলের লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, "র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও আটটি গুলি উদ্ধার করেছে।" সেন্টুর মামা সিরাজ হোসেন হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার রাত ৮টার দিকে বাসার পাশের একটি গলি থেকে সাদা পোশাকের র‌্যাব সদস্যরা সেন্টু ও রেজাউলকে ধরে নিয়ে যায়।" তিনি দাবি করেন, সেন্টু পেশায় গার্মেন্টস সামগ্রী ব্যবসায়ী এবং দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জে নূর সুপার মার্কেটে তার দুটি দোকান রয়েছে। সেন্টুর বড় চাচা আলিফ খান জনি অভিযোগ করেন, "কিছুদিন আগে শনির আখড়া এলাকার বাঁশপট্টি ভুলু বেকারিতে ডাকাতির সময় সেন্টু ও তার বন্ধুরা ডাকাতদের ধাওয়া করে তাড়িয়ে দেয়। ওই সন্ত্রাসীরাই র‌্যাব সদস্যদের ম্যানেজ করে সেন্টু ও রেজাউলকে ক্রসফায়ারে দিয়েছে।" তিনি বলেন, "স্থানীয় জমি কেনাবেচার দালাল জিয়া ভাই, আমিনুল ও তার বাবা বাবুল নেপথ্যে থেকে র‌্যাব সদস্যদের দিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে আমরা ধারণা করছি। সেন্টুকে আটকের পর শনি ও রোববার আমরা কয়েক দফায় র‌্যাব- ১০ এর ধলপুর কার্যালয়ে যাই। সেখান থেকে বলা হয়, এ নামে কোনো আসামি আনা হয়নি।" এদিকে নিহত রেজাউলের বাবা মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ছেলে যাত্রাবাড়ির ইউনূস মার্কেটে একটি পাঞ্জাবির দোকানে চাকরি করত। সে সেন্টুর ঘনিষ্ঠ বন্ধু ছিল। মোহাম্মদ আলী দাবি করেন, তার ছেলের নামে থানায় কোনো হত্যা মামলা নেই। তবে কিছুৃদিন আগে 'উদ্দেশ্যপ্রণোদিতভাবে' তাদের দুজনের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় একটি চাঁদাবাজির মামলা করা হয়। যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেন্টু ও রেজাউলের বিরুদ্ধে তার থানায় একটি হত্যা এবং একটি চাঁদাবাজির মামলাসহ বেশ কয়েকটি জিডি রয়েছে। নিহত দুজন চক্রান্তের শিকার বলে পরিবারের অভিযোগ সম্পর্কে র‌্যাব কর্মকর্তা হুমায়ন কবীর বলেন, "যে কেউ যে কোনো অভিযোগ করতে পারে। তবে তার ভিত্তি আছে কিনা তা যাচাই করে দেখা উচিত।" এ ঘটনায় র‌্যাব- ১০ এর উপ-সহকারী পরিচালক আবু সাইদ শ্যামপুর থানায় দুটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/২২২৬ ঘ.