২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় প্রবাসী শ্রমিক বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে মঙ্গলবার

প্রতি বছর দক্ষিণ এশীয় দেশগুলো বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১৫ লাখ শ্রমিক সরবরাহ করে থাকে। এদের মধ্যে ৪৩ শতাংশ শ্রমিক দক্ষিণ এশিয়ারই বিভিন্ন দেশে শ্রম দিচ্ছে। তাই প্রবাসী শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তার বিষয়টি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) আলোচ্যসূচিতেও আসা উচিত বলে মনে করছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং বাংলাদেশের সরকারি কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2008, 04:01 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রতি বছর দক্ষিণ এশীয় দেশগুলো বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১৫ লাখ শ্রমিক সরবরাহ করে থাকে। এদের মধ্যে ৪৩ শতাংশ শ্রমিক দক্ষিণ এশিয়ারই বিভিন্ন দেশে শ্রম দিচ্ছে। তাই প্রবাসী শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তার বিষয়টি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) আলোচ্যসূচিতেও আসা উচিত বলে মনে করছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং বাংলাদেশের সরকারি কর্মকর্তারা। আইএলওর মতে, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এ অঞ্চলেরই প্রবাসী শ্রমিকদের নিয়োগ পদ্ধতি বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের শিকার হওয়ায় প্রবাসী শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তা এখন একটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠেয় 'প্রবাসী শ্রমিক বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন' নিয়ে সাংবাদিকদের এই তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুল মতিন চৌধুরি। আইএলও এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে মঙ্গলবার থেকে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, সংযুক্ত আরব আমীরাত এবং শ্রীলঙ্কার প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেবেন। সোমবার নগরীর একটি হোটেলে সচিব সাংবাদিকদের বলেন, "সার্ক প্রবাসী ও প্রবাসী শ্রমিকদের কল্যাণের বিষয়টি আলোচনায় নিলে অভিবাসন নিয়ে অনেক সমস্যারই সহজে সমাধান হতে পারে।" ঢাকায় আইএলও দপ্তরের পরিচালক পানুড্ডা বুনপালা বলেন, "দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা আসিয়ানের অভিবাসন বিষয়ক সহযোগিতা কর্মসূচি রয়েছে। দক্ষিণ এশীয় শ্রমিকদের অভিবাসনে সহযোগিতার জন্য সার্কেরও একই ধরনের কর্মসূচি নেওয়া উচিৎ।" আইএলও'র বিবৃতিতেও বলা হয়, দক্ষিণ এশিয়ার শ্রমিকদের অধিকার রক্ষাই সম্মেলনের মূল উদ্দেশ্য। এই বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অভিবাসন প্রক্রিয়া বেশ ব্যয়বহুল এবং দুর্নীতিতে আকীর্ণ। পানুড্ডা বুনপালা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই সম্মেলন শ্রমিক সরবরাহকারী ও শ্রমিক আমদানিকারক দেশগুলোর মধ্যে অভিবাসন সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা এবং এগুলোর সমাধানে সুপারিশের একটি সুযোগ এনে দেবে।" আইএলও'র হিসাব অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী দক্ষিণ এশীয় শ্রমিকের মোট সংখ্যা ২ কোটি ৪০ লাখ। এর মধ্যে প্রায় ২৯ শতাংশ বাংলাদেশী। সবচেয়ে বেশি শ্রমিক ভারতের, যা মোট সংখ্যার ৩৮ শতাংশ। আইএলও আরও জানিয়েছে, দক্ষিণ এশিয়ার বাইরে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় দেশগুলোতে ৬০ শতাংশ এবং ইউরোপ ও উত্তর আমেরিকায় ১৫ শতাংশ করে দক্ষিণ এশীয় শ্রমিক রয়েছে। আইএলও'র ২০০৭ সালের হিসাব অনুসারে, দক্ষিণ এশিয়ার সম্ভাব্য রেমিটেন্সের পরিমাণ ছিল ৪ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার। এতে বাংলাদেশের পরিমাণ ছিল ৬১০ কোটি মার্কিন ডলার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, ২০০৭ সালে ৮ লাখ ৩২ হাজার বাংলাদেশী কাজ নিয়ে বিদেশে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএইচ/এসকে/২১৫০ঘ.