২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাট ও ঠাকুরগাঁওয়ে ২১৪টি চালকলের লাইসেন্স বাতিল

চাল সরবরাহের জন্য সরকারের সঙ্গে চুক্তি না করায় জয়পুরহাটের ৪০টি এবং চুক্তি অনুযায়ী চাল সরবরাহ করতে না পারায় ঠাকুরগাঁওয়ের ১৭৪টি চালকলের লাইসেন্স বাতিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2008, 03:43 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

জয়পুরহাট, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাল সরবরাহের জন্য সরকারের সঙ্গে চুক্তি না করায় জয়পুরহাটের ৪০টি এবং চুক্তি অনুযায়ী চাল সরবরাহ করতে না পারায় ঠাকুরগাঁওয়ের ১৭৪টি চালকলের লাইসেন্স বাতিল করা হয়েছে। গত ১৭ জুন খাদ্য সংগ্রহ কমিটির এক সভার সিদ্ধান্ত অনুযায়ী চুক্তি করার জন্য বেঁধে দেওয়া সময়সীমা ৩০ জুন অতিক্রম হওয়ার পর সরকার এ ব্যবস্থা নিয়েছে। আমাদের জয়পুরহাট প্রতিনিধি জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসের বরাত দিয়ে জানান, চলতি মৌসুমে সরকারিভাবে বোরো চাল ও ধান সংগ্রহ অভিযানে এ পর্যন্ত ২৪ হাজার ১০৮ মেট্রিক টন চাল ও ৩২৫ মেট্রিক টন ধান সংগ্রহ হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা জামাল হোসেন জানান, জেলায় সরকারিভাবে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৪ হাজার ৫৫৯ মেট্রিক টন এবং ৩৯ হাজার ৬৮১ মেট্রিক টন। সংগ্রহ মূল্য ধার্য করা হয়েছে ধান প্রতিকেজি ১৮ টাকা এবং চাল প্রতিকেজি ২৮ টাকা। ধান সরাসরি কৃষকের কাছ থেকে এবং চাল কল মালিকদের কাছ থেকে সংগ্রহ করার সিদ্ধান্ত হয়। তিনি বলেন, জেলার ৪৩৪টি চালকলের মধ্যে ৩৯৪টির মালিকের সঙ্গে জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুক্তি করেছে। চুক্তি না করায় বাকি ৪০টি চালকলের লাইসেন্স বাতিল করা হয়েছে। জামাল হোসেন আরও জানান, চুক্তিবদ্ধ চালকল মালিকরা এ পর্যন্ত ২৪ হাজার ১০৮ মেট্রিক টন চাল সরবরাহ করেছেন। বাকি চাল আগস্ট মাসের মধ্যেই পাওয়া যাবে বলে তিনি আশা করছেন। ১৪ জুলাই সোমবার লাইসেন্স বাতিলের নোটিশ পাওয়ার পর কালাই উপজেলার মোলামগাড়িহাটের ভাই ভাই চালকল মালিক ইসাব্বর হোসেন ও একই এলাকার গাজিউল হক চালকল মালিক আঞ্জুমান জানান- সরকার প্রতি কেজি চাল ২৮ টাকা নির্ধারণ করলেও বর্তমান বাজারে প্রতিকেজি মোটা চাল ২৮ থেকে ৩১টাকা এবং সরু চাল ৩৩ থেকে ৩৫ টাকা। এ অবস্থায় আমরা স্বল্প পুঁজির মিল মালিকরা লোকসানের আশংকায় সরকারের সঙ্গে চুক্তি করিনি। ধান সংগ্রহ অভিযানের শুরুতে বাজার মুল্য কম থাকায় বেশি পুঁজির মিল মালিকরা পর্যাপ্ত পরিমাণে ধান মজুদ করতে পেরেছেন বলে তারা সরকারি দরে চাল দিতে পারছে। ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী চাল সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় জেলার পাঁচ উপজেলার ১৭৪টি চালকলের লাইসেন্স বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে- সদরের ৪০টি, পীরগঞ্জের ৫৮টি, রাণী শংকৈলের ৫৫টি, হরিপুরের ১৫টি এবং বালিয়াডাঙ্গির ৬টি। জেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন জানান, জেলার এক হাজার ১৪টি কল মালিকের সঙ্গে সরকার চুক্তি করেছিল। কিন্তু ১৭৪টি কল চুক্তি বাস্তবায়ন করতে পারেনি বলে তাদের লাইসেন ্স বাতিল করা হয়েছে। তিনি জানান, এবার জেলায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল ৯৩ হাজার ২৪১ মেট্রিকটন। কিন্তু জুলাই পর্যন্ত চালকল মালিকরা সরবরাহ করতে পেরেছেন ৫২ হাজার ৮০০ মেট্রিকটন। ঠাকুরগাঁও চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহামুদ হাসান রাজু জানান, সরকার যে দরে চাল কিনছে বাজারে তার থেকে দাম অনেক বেশি। এত ক্ষতি স্বীকার করে মিল মালিকদের পক্ষে সরকারি গুদামে চাল সরবরাহ করা সম্ভব নয়। উত্তরাঞ্চল চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ও জয়পুরহাটের মেসার্স তালেবুল রাইস মিলের মালিক লায়েক আলী সরদার জানান, উত্তরাঞ্চালের ১৬টি জেলায় খাদ্য বিভাগের তালিকাভুক্ত ও সমিতির সদস্য আছে ১২ হাজার চালকল। এর মধ্যে প্রায় ২ হাজার চালকলের লাইসেন্স বাতিল করেছে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৫ ঘ.