ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে হজ পালনে যেতে মোয়াল্লেম ফি জমা দেওয়ার শেষ দিন রোববার পর্যন্ত প্রায় ৪৪ হাজার জন টাকা জমা দিয়েছেন।
ধর্ম মন্ত্রণালয়ের হজ কর্মকর্তা বজলুর রহমান বিশ্বাস সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বছর হজে যাওয়ার জন্য বেসরকারি ব্যবস্থাপনায় ৩৮ হাজার ৩৪৭ জন এবং সরকারি ব্যবস্থাপনায় প্রায় ছয় হাজার হজযাত্রী ব্যাংকে ২০ হাজার ২৫৬ টাকা করে মোয়াল্লেম ফি জমা দিয়েছেন।
সরকারি ব্যবস্থাপনায় এবার ১৫ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ হাজার হজযাত্রী সৌদি আরব পাঠানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার লোককে হজে পাঠানোর ব্যবস্থা থাকলেও শেষ পর্যন্ত গেছেন মাত্র সাড়ে পাঁচ হাজার। এ বছর লক্ষ্যমাত্রা ১৫ হাজার ধরা হলেও এ পর্যন্ত মাত্র ছয় হাজার আবেদন পাওয়া গেছে।
এদিকে বেসরকারি ব্যবস্থাপনায় হজে পাঠানোর জন্য ২৩৪টি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) টাকা জমা শেষ দিন রোববার পর্যন্ত প্রায় সাড়ে ৩৮ হাজার নাম নিবন্ধন করতে পেরেছে।
ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ আতাউর রহমান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাড়া পাওয়া না গেলেও ফি জমা নেয়ার সময় আর বাড়ানো হবে না। কারণ ইতোমধ্যে অন্যান্য দেশ সৌদি কর্তৃপক্ষের কাছে তালিকা পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশ এখনো পাঠাতে পারেনি। এ অবস্থায় সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য সরকার দ্রুত তালিকা তৈরি করে সৌদি কর্তৃপক্ষের কাছে পাঠাবে।
তিনি জানান, হজ ব্যবস্থাপনায় প্রতি বছর কিছু অনিয়ম ও ত্র"টি হওয়ায় এবার একটু কড়াকড়ি আরোপ করেছে সরকার। অন্যান্য বছর হজ এজেন্সিগুলো অনুমান নির্ভর তালিকা দিয়ে টাকা জমা দিত। কিন্তু এবার সুনির্দিষ্ট নামসহ তালিকা দিতে বলা হয়েছে। এই তালিকাই সৌদি কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তালিকায় নাম রয়েছে এমন ব্যক্তিরাই হজে যেতে পারবেন।
জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে বিমানের পক্ষ থেকে হজযাত্রীদের ভাড়া বাড়ানোর প্রস্তাব সম্পর্কে আতাউর রহমান বলেন, "আমরা এখনো আগের ভাড়াতেই স্থির রয়েছি। তেলের দাম বাড়ার কারণে বিমানের ভাড়া বাড়ানোর বিষয়টি সরকারের সিদ্ধান্তের ব্যাপার।"
তিনি জানান, সরকারিভাবে এখন পর্যন্ত ছয় হাজার লোকের জন্য বাড়ি ভাড়া করার উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে চার হাজার ২৩২ জনের জন্য বাড়ি ভাড়া করা গেছে। বেসরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত বাড়ি ভাড়া করা শুরু হয়নি। কোনো এজেন্সির পাঠানো হজযাত্রীদের থাকার সমস্যা হলে সৌদি কর্তৃপক্ষই সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এসএনডি/১৮৩০ ঘ.
bdnews24