ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তার ও টেলিফোন বোর্ড (টিএন্ডটি) এর ডিজিটাল লাইন স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে আদালত। (বিস্তারিত)
সোমবার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক শাহেদ নূরউদ্দিন এ আদেশ দেন।
মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে মোহম্মদ নাসিম বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিদেশে চিকিৎসার জন্য তাকে প্যারোলে মুক্তি দিতে তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।
গত ২৬ জুন ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন অসুস্থ মোহাম্মদ নাসিম। তার পক্ষে অ্যাডভোকেট শেখ বাহারুল ইসলাম আবেদনটি করেছিলেন।
২০০২ সালের ৮ জানুয়ারি মোহাম্মদ নাসিম ও এএইচএস রহমানের বিরুদ্ধে মামলাটি দায়ের করে তখনকার দুর্নীতি দমন ব্যুরো।
মামলার অভিযোগে বলা হয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী থাকার সময় নাসিম ওয়ার্ল্ডটেল হোল্ডিং লিমিটেডকে দরপত্র ছাড়াই তিন লাখ টেলিফোন লাইন স্থাপনের কাজ দেন। একই সঙ্গে কনসোসিয়েটস লিমিটেডের পরিচালক এএইচএস রহমানকে ওই কাজের জন্য পরামর্শক নিয়োগ করেন।
২০০২ সালের ১৩ জুন মামলাটির অভিযোগপত্র দেওয়া হয়। এরপর বিশেষ জজ আদালতে গত ১৪ জুন অভিযোগ গঠন করা হয়। বর্তমানে মামলাটি যুক্তিতর্কের পর্যায়ে রায়েছে।
দুর্নীতির অভিযোগে মোহাম্মদ নাসিমকে গত বছরের ৪ ফেব্র"য়ারি গ্রেপ্তার করা হয়। সম্পত্তির তথ্য গোপন ও অবৈধ সম্পত্তি অর্জনের একটি মামলায় গত ৮ অক্টোবর মোহাম্মদ নাসিমের ১৩ বছরের কারাদণ্ড হয়।
স্বামীকে দুর্নীতিতে সহযোগিতা করার দায়ে আদালত তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুকেও ৩ বছরের কারাদণ্ড দেয়। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/জিএনএ/টিএইচ/এমএ/১৮৪৭ ঘ.
bdnews24