২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে চার শিক্ষার্থী আহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সোমবার ভোরে অজ্ঞাত পরিচয়ের এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে চার মাদ্রাসা শিক্ষার্থী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2008, 06:42 AM

Updated : 26 Aug 2022, 02:07 PM

কিশোরগঞ্জ, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সোমবার ভোরে অজ্ঞাত পরিচয়ের এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে চার মাদ্রাসা শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর। তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে এ হামলা হয়েছে তা কেউ বলতে পারছে না। হামলাকারী পালিয়ে গেছে। স্থানীয়রা জানায়, পাকুন্দিয়ার পোড়াবাড়ীয়া পশ্চিমপাড়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা ফজরের আযানের পর ঘুম থেকে উঠে নামাযের প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় কাপড়ে মুখ ঢাকা এক দুর্বৃত্ত ছুরি নিয়ে ছাত্রদের ওপর হামলা চালায়। এতে মাদ্রাসার হাফিজি বিভাগের ছাত্র হৃদয় (১২), সাব্বির (৭), হাসান (৮) ও সানি (১০) আহত হয়। হামলা চালিয়েই ওই দুর্বৃত্ত পালিয়ে যায়। মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হাফেজ আব্দুল মান্নান সাংবাদিকদের জানান, হৃদয়ের ডান হাতের কব্জি, বাম বাহু ও পিঠে ছুরির আঘাতে জখম হয়েছে। তাকে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এবং পরে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া সাব্বিরের বাম হাতের বাহু, হাসানের হাতে ও সনির বুকে জখম হয়েছে বলে সুপারিনটেনডেন্ট জানান। হামলার কারণ জানতে চাইলে আব্দুল মান্নান বলেন, "কী উদ্দেশ্য নিয়ে, কে এই হামলা চালিয়েছে, তা বুঝতে পারছি না।" বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।" এ ঘটনায় সোমবার দুপর পর্যন্ত কোনও মামলা হয়নি। হামলাকারীকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩৯ ঘ.