চট্টগ্রাম, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন বৃদ্ধির দাবিতে তিনদিন কর্মবিরতির পর হালকা নৌযান (লাইটার জাহাজ) শ্রমিকরা রোববার রাত থেকে কাজে যোগ দিতে সম্মত হয়েছে। রোববার দীর্ঘ বৈঠকে মালিকপক্ষের সঙ্গে সমঝোতার পর শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত জানায়।
লাইটার জাহাজ পরিচালনাকারী সংগঠন ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেলের (ডব্লিউটিসিসি) যুগ্ম আহ্বায়ক খুরশীদ আলম রোববার রাত সাড়ে ৯টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত বৈঠকের পর শ্রমিকদের সঙ্গে মালিকদের সমঝোতা হয়েছে। শ্রমিকদের বেতন পুনর্নির্ধারণের সিদ্ধান্ত হওয়ার পর শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।"
বৈঠক শেষে লাইটার জাহাজ শ্রমিক ফেডারেশনের সভাপতি ইছা মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাইটার জাহাজের লস্করদের ন্যূনতম বেতন ৩৮৫০ টাকা এবং অভ্যন্তরীণ ও স্থানীয়ভাবে চলাচলরত লাইটার জাহাজের লস্করদের ন্যূনতম বেতন ২৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া লাইটার ও কার্গো জাহাজে কর্মরত মাস্টার, চালকসহ অন্যদের বেতন কাঠামো ঠিক করতে একটি কমিটি করা হয়েছে। এ কমিটি ১৫ দিনের মধ্যে বেতন কাঠামো চূড়ান্ত করে প্রতিবেদন দেবে। চলতি মাস থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে।
ডব্লিউটিসিসি কর্মকর্তা খুরশীদ আলম জানান, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আব্দুল মান্নান হাওলাদারের সভাপতিত্বে বৈঠক শেষে উভয়পক্ষ একটি সমঝোতা স্মারকে সই করেছে।
বেতন বৃদ্ধির দাবিতে লাইটার জাহাজ শ্রমিকরা গত বৃহস্পতিবার মধ্য রাত থেকে কর্মবিরতি শুরু করে। চট্টগ্রাম ও মংলা বন্দর, নারায়ণগঞ্জ, বরিশাল, ভৈরবসহ সারাদেশে চলাচলরত প্রায় দুই হাজার লাইটার জাহাজ রোববার রাত পর্যন্ত বন্ধ থাকে। এ কারণে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে থাকা ১৮টি জাহাজের (মাদার ভেসেল) মাল খালাসের কাজ গত তিন দিন ধরে বন্ধ ছিল। অভ্যন্তরীণ নৌপথেও কোনো লাইটার জাহাজ মাল পরিবহন করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/জেকে/০০০১ ঘ.
bdnews24