২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে নীতিগত অনুমোদন

'না' ভোটের বিধান রেখে গণপ্রতিধিত্ব অধ্যাদেশ ২০০৮ এ রোববার নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2008, 02:12 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'না' ভোটের বিধান রেখে গণপ্রতিধিত্ব অধ্যাদেশ ২০০৮ এ রোববার নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকদের বলেন, "আইন মন্ত্রণালয়ের ভেটিং (পরীক্ষা-নিরীক্ষা) শেষে অধ্যাদেশটি শিগগিরই উপদেষ্টা পরিষদের বৈঠতে উপস্থাপন করা হবে। আশা করছি, এ মাসের মধ্যে চূড়ান্ত অনুমোদন শেষে এটি গেজেট আকারে প্রকাশ করা সম্ভব হবে।" প্রেস সচিব জানান, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে ওই নির্বাচনী এলাকার মোট ভোটারের এক শতাংশের স্বাক্ষরযুক্ত দলিল সংযুক্ত করার কথা বলা হয়েছে এ অধ্যাদেশে। 'না' ভোট প্রসঙ্গে এতে বলা হয়েছে, প্রার্থী পছন্দ না হলে একজন ভোটার 'না' ভোট দিতে পারবেন। এজন্য ব্যালট পেপারে 'ওপরের কাহাকেও নহে' লেখা একটা ঘর থাকবে। কোনো আসনে 'না' ভোটের সংখ্যা ওই আসনে প্রদত্ত মোট ভোটের অর্ধেক বা তার বেশি হলে রিটার্নিং অফিসার নির্বাচন বাতিল করে নির্বাচন কমিশনকে জানিয়ে পুনঃনির্বাচন ঘোষণা করতে পারবেন। অধ্যাদেশের খসড়ায় বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর প্রার্থিতা, মনোনয়ন পদ্ধতি, তহবিল সংগ্রহ ও খরচের ক্ষেত্রে স্বচ্ছতা রাখার বিধান সংযোজন করা হয়েছে। অনিবন্ধিত কোনো দলের সঙ্গে রাজনৈতিক মোর্চা গঠন নিষিদ্ধ করা হয়েছে। রাজনৈতিক দলগুলো কোনো ছাত্রসংগঠন বা বিদেশে কোনো শাখা রাখতে পারবে না বলেও এতে উল্লেখ করা হয়েছে। খসড়ায় বলা হয়েছে, কেউ ফৌজদারি অপরাধে দুই বছর বা তার বেশি সময়ের জন্য দণ্ডিত হলে আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। সাজা খেটে মুক্ত হওয়ার পর ৫ বছর অতিক্রান্ত না হলে ওই ব্যক্তি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। ফাহিম মুনয়েম জানান, অধ্যাদেশটি চূড়ান্ত হলে একজন প্রার্থী তিনটির বেশি আসনে নির্বাচন করতে পারবেন না। কেউ বেশি মনোনয়নপত্র জমা দিলে সবগুলোই বাতিল হয়ে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/পিসি/জেকে/এমএইচবি/২০৪৫ ঘ.