ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিলে নির্মাণাধীন বহুতল ভবন 'সিটি সেন্টার' এর নির্মাণ কাজ পুনরায় শুরুর অনুমতি দিয়েছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। তবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সঙ্গে পরামর্শ করে ডিসিসি'র ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তদারকিতে বেশ কিছু শর্ত মেনে এ কাজ চালাতে হবে।
ডিসিসি'র তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ কুদরত উল্লাহ রোববার সিটি সেন্টারের নির্মাতা প্রতিষ্ঠান বেলহাসা একম জেভি'র চেয়ারম্যানকে চিঠি দিয়ে বিষয়টি জানান।
গত ২৯ মার্চ নির্মাণাধীন এ ভবনের সামনের দেয়ালে ফাটল দেখা দিলে সিটি করপোরেশনের নির্দেশে নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়।
ডিসিসি'র চিঠিতে বলা হয়, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী নির্মাণ কাজ শুরুর জন্য বেশ কিছু শর্ত মেনে চলতে হবে।
এসব শর্ত অনুযায়ী, ভবনের নিচতলার শোর পাইলের ওপর নির্মিত দেয়াল অপসারণ করে মূল কাঠামোর বাইরে নতুন করে দেয়াল নির্মাণ করতে হবে। নিচতলার বহির্ভাগে নির্মিত সিড়ি সাময়িক মেরামত করা হলেও নির্মাণ কাজ শেষে বুয়েটের পরামর্শ অনুযায়ী নতুন করে সিড়ি নির্মাণ করতে হবে। স্ল্যাবে সৃষ্ট ফাটলগুলো মেরামত করতে হবে এবং নির্মাণ কাজের অগ্রগতির সঙ্গে সঙ্গে ভার্টিক্যাল এলাইনমেন্টে কোনো পরিবর্তন আসছে কি না, তা পরীক্ষা করতে হবে।
তদন্ত কমিটি গত ২৩ জুন ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এ প্রতিবেদন দেয়।
গত ২৯ মার্চ নির্মাণাধীন সিটি সেন্টারের দেয়ালে যে ফাটল দিলে তাৎক্ষণিকভাবে নির্মাণকাজ বন্ধ করে দেয়া হয়। ভবনটি ধসে পড়লে আশেপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে- এই আশঙ্কায় ভবনগুলোতে অবস্থিত বেশ কিছু প্রতিষ্ঠানের কার্যালয় সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
পরদিন বুয়েটের বিশেষজ্ঞ দল পরীক্ষা করে জানান, ভবনের মূল অবকাঠামোতে কোনো ফাটল সৃষ্টি হয়নি। সৌন্দর্য্য বৃদ্ধির জন্য বানানো ইটের দেয়ালে এ ফাটল ধরেছে।
এরপর ফাটলের কারণ খুঁজে বের করতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে ডিসিসি। কমিটি প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত বেলহাসাকে নির্মাণ কাজ বন্ধ রাখতে বলা হয়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. শেখ সেকেন্দার আলীকে প্রধান করে গঠিত ওই তদন্ত কমিটিতে সেনাবাহিনী, গণপূর্ত অধিদপ্তর ও ডিসিসি'র বিশেষজ্ঞরা ছিলেন।
৩৭ তলা বিশিষ্ট দেশের সর্বোচ্চ এই ভবনে বিভিন্ন অফিস ছাড়াও কনভেনশন সেন্টার, বিজনেস লাউঞ্জ, জিমনেসিয়াম, বিনোদন কেন্দ্র থাকার পরিকল্পনা রয়েছে। ২৮ তলা পর্যন্ত ছাদ তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আর আট তলা পর্যন্ত অনুসঙ্গিক নির্মাণ কাজও শেষ হয়েছে।
সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠান বেলহাসা একম জেভি'র সহযোগিতায় স্থানীয় প্রতিষ্ঠান ওরিয়ন গ্র"প সিটি সেন্টার নির্মাণ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/১৯৪৪ ঘ.
bdnews24