২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি নিহত

রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় রোববার ইসরাফিল (৩৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ জানিয়েছে, ইসরাফিল কেবল্ টিভির সংযোগ প্রদানকারী একটি প্রতিষ্ঠান চালাতেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2008, 01:02 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় রোববার ইসরাফিল (৩৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ জানিয়েছে, ইসরাফিল কেবল্ টিভির সংযোগ প্রদানকারী একটি প্রতিষ্ঠান চালাতেন। দক্ষিণখান থানার উপপরিদর্শক জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে আশকোনা মেডিকেল রোডের উচারটেকে একটি সেলুনের সামনে ৩/৪ জন সন্ত্রাসী ইসরাফিলের মাথায় ও বুকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, তার মৃত্যু হয়েছে। উপপরিদর্শক জিল্লুর বলেন, "ইসরাফিলের ছোট ভাই আব্দুর রউফ ২০০৩ সালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। রউফের হত্যাকারীরাই ইসরাফিলকে খুন করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।" রোববার সন্ধ্যা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৮৫১ ঘ.