জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্থায়ী মুক্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোববার মানববন্ধন করেছে ছাত্রলীগ।
দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত চলা মানববন্ধনে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী অংশ নেয়।
পরে শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কামরুল হাসান রিপন বলেন, "শেখ হাসিনাকে স্থায়ী মুক্তি না দেওয়া হলে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।"
সাধারণ সম্পাদক গাজী আবু সাইদ বলেন, "দেশে আজ নীরব দুভিক্ষ চলছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার জরুরি।"
এদিকে একই দাবিতে সরকারি কবি নজরুল কলেজেও মানববন্ধন করেছে ছাত্রলীগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬০০ ঘ.
bdnews24