ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।
২২ জুলাই অভিযোগ গঠনের দিন ধার্য করেছেন ঢাকা মহানগর দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা। মামলার সব আসামিকে কারগার থেকে আনা যায়নি বলে বিচারক পুনরায় এ তারিখ ধার্য করেন।
রোববার কারাগারে থাকা ১৪ আসামির মধ্যে আট জনকে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে রয়েছেন জোট সরকারের সাবেক শিক্ষাউপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও হরকাতুল জেহাদের শীর্ষ নেতা মুফতি হান্নানসহ আরিফ হাসান সুমন, হাফেজ মাওলানা আবু তাহের, শরীফ সাহেদুল আলম বিপুল, মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান অভি, উজ্জল ওরফে রতন ও মো. রফিকুল ইসলাম।
সাড়ে ১১টার দিকে আব্দুস সালাম পিন্টুকে আদালতে আনা হয়।
আদালতে কার্যক্রম শুরু হলে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী কবির হোসাইনকে আব্দুস সালাম পিন্টু বলেন, "আমি এই প্রথম মুফতি হান্নানকে মুখোমুখি দেখলাম।"
পরে কাঠগড়ায় দাঁড়ানো আসামিদের মধ্যে মুফতি হান্নান কে- তা রাষ্ট্রপক্ষের আইনজীবী কবির হোসাইন জানতে চাইলে মুফতি হান্নান নিজেই বলেন, মুফতি হান্নান লম্বা-চওড়া-ফর্সা চেহারার একজন লোক। এখানে মুফতি হান্নান নামের কেউ নেই। মুফতি হান্নানকে কারাগার থেকে এখনো আনা হয়নি।
পরে হান্নান আদালতকে বলেন, তাকে কখনো আদালতে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। এ সময় তিনি কথা বলার সুযোগ দেওয়ার আবেদন জানান।
বিচারক আগামী তারিখে তাকে লিখিত বক্তব্য দেওয়ার পরামর্শ দেন।
এদিকে, রোববার এ মামলার একজন অভিযুক্ত আরিফ হাসান সুমনের পক্ষে অ্যাডভোকেট আলহাজ এম কে হায়দার মামলার অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে একটি আবেদন দাখিল করেন। ২২ জুলাই এ আবেদনের ওপরও শুনানি হবে।
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৩ জন নিহত ও সাংবাদিকসহ কয়েকশ জন আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/জিএনএ/১৫১৫ ঘ.
bdnews24