২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক শ্রেণীর মানুষ সব সুবিধা ভোগ করছে: সন্তু লারমা

দেশে গণমুখী সরকার প্রতিষ্ঠিত না হওয়ায় দারিদ্র্য দূর হচ্ছে না বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2008, 05:38 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

রাঙামাটি, ১২ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে গণমুখী সরকার প্রতিষ্ঠিত না হওয়ায় দারিদ্র্য দূর হচ্ছে না বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। তিনি বলেন, "সবকিছুতেই বৈষম্য চলছে। সমাজে এক শ্রেণীর মানুষ সব সুবিধা ভোগ করছে। এ কারণে দারিদ্র্য দূর হচ্ছে না।" শনিবার উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে ইউএনডিপি'র একটি স্বাস্থ্যসেবা প্রকল্পের সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সন্তু লারমা বলেন, "সমাজে ও জাতিতে ভেদাভেদ থাকায় দারিদ্র্য আমাদের ছাড়ছে না। ফলে আমরা দিন দিন পিছিয়ে পড়ছি।" পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নিতে ইউএনডিপির প্রতি আহ্বান জানান তিনি। রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান জগৎ জ্যোতি চাকমার সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী রাজা দেবাশীষ রায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, "বর্তমান সরকারের আমলেই রাঙ্গামাটিতে একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপন করা হবে, যাতে পশ্চাৎপদ অঞ্চলের দারিদ্র্যপীড়িত সন্তানরা লেখাপড়া শিখতে পারে।" অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সেনাবাহিনীর রাঙ্গামাটি অঞ্চলের ভারপ্রাপ্ত কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রাজ্জাক, জেলা প্রশাসক নুরুল আমীন ও ইউএনডিপির সিএইচটিডিএফ প্রকল্পের ব্যবস্থাপক রবার্ট স্টলম্যান। এই অনুষ্ঠানের মাধ্যমে বাঘাইছড়ি পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ২৬ জন স্বাস্থ্যকর্মীর মাঝে সনদ বিতরণ করা হয়। এর আগে তারা ম্যালেরিয়া প্রতিরোধে ২ মাসের একটি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন তহবিল (সিএইচটিডিএফ) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থাপনায় ছিল পার্বত্য জেলা পরিষদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/জেকে/২৩৩০ ঘ.