২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজমা হত্যা মামলা: তোজাম্মেল আরো ৩ দিনের রিমান্ডে

গৃহবধু ফাহমিদা আকতার নাজমা হত্যা মামলায় স্বামী ডা. তোজাম্মেল হোসেনকে শনিবার আরও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2008, 01:35 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গৃহবধু ফাহমিদা আকতার নাজমা হত্যা মামলায় স্বামী ডা. তোজাম্মেল হোসেনকে শনিবার আরও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ৪ দিনের রিমান্ড শেষে শনিবার দুপুরে তোজাম্মেলকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলাটির তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপ পরিদর্শক গোলাম রব্বানী আদালতের কাছে আরও ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনে তিনি বলেন, "স্ত্রীর মৃত্যুতে আসামির কোনো অনুশোচনা ছিল না। তাছাড়া নিহত হওয়ার আগে ফাহমিদা আক্তার স্বামীর নির্যাতনের কথা জানিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।" অন্যদিকে তোজাম্মেলের আইনজীবী মো. নুরুল হুদা তার মক্কেলের জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম একে এম এমদাদুল হক জামিন আবেদন নাকচ করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির সময় ফাহমিদার ছোট ভাই জামসেদুল হকসহ আত্মীয়রা আদালতে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তারা বলেন, পুলিশের তদন্তে তারা সন্তুষ্ট নন। পুলিশ গত রোববার রাতে মিরপুরের বাসা থেকে ফাহমিদা আকতার নাজমার লাশ উদ্ধার করে। তালাবদ্ধ বাসার বাথরুমে পড়ে থাকা নাজমার দু'চোখ উপড়ানো এবং পায়ের রগ কাটা ছিল। ঘটনার পরদিন নাজমার ভাই মেহেদী হাসান মিরপুর থানায় একটি মামলা করেন। এতে তোজাম্মেল হোসেন ও তার বড় ভাবীর ভাই তিতাস গ্যাসের ঊর্ধ্বতন হিসাব রক্ষক হুমায়ুন কবিরকে আসামি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৯২৫ ঘ.