জান্নাতুল ফেরদাউস
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইতিহাসের চিহ্ন বুকে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে থাকা ৩০ হাজারেরও বেশি পাণ্ডুলিপি সংরক্ষণেও যথাযথ উদ্যোগ নেই কর্তৃপক্ষের। অফিস চলার সময় ছাড়া অন্য সময়গুলোতে পাণ্ডুলিপির কক্ষটিতে বিদ্যুত থাকে না। তখন শীততাপ নিয়ন্ত্রক যন্ত্রও থাকে বন্ধ। এভাবে তাপমাত্রা ও আর্দ্রতার তারতম্যে পাণ্ডুলিপিগুলোর উপকরণগুলো দ্রুত ভঙ্গুর হয়ে পড়ছে বলে মনে করছেন গবেষকরা।
সরেজমিনে পাণ্ডুলিপি শাখায় ঘুরে দেখা যায়, নিয়মিত ঝাড়ামোছা না হওয়ায় ধুলো জমেছে অনেক পাণ্ডুলিপির ওপর। অনেকগুলোর মোড়কও খোলা হয়নি। অফিস চলাকালীন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৪টার পর ওই কক্ষে বিদ্যুৎ থাকে না। দিনের বেশিরভাগ সময় এখানে এয়ারকুলার চললেও রাতে তা চলে না। ফলে এ কক্ষে একই তাপমাত্রা থাকে না। ছেঁড়া ও জীর্ণ পাণ্ডুলিপি লেমিনেশন করার প্রক্রিয়া ১৯৯৫ সালে শুরু হলেও তা এখনও শেষ হয়নি।
পাণ্ডুলিপি গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মুহম্মদ শাহজাহান মিঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুধু অফিস আওয়ারে এয়ারকুলার চলার কারণে ওই কক্ষে একটা নির্দিষ্ট তাপমাত্রা জমতে থাকে। আবার অফিস শেষ হওয়ার পর তাপের ওঠানামার কারণে এসব পাণ্ডুলিপির উপকরণগুলো দ্রুত ভঙ্গুর হয়ে যায়।"
১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর পাণ্ডুলিপি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়। ১৯২৫-'২৬ শিক্ষাবর্ষে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের মাধ্যমে সংগ্রহের কাজ শুরু হয়। ওই কমিটির সভাপতি ছিলেন সংস্কৃত ও বাংলা বিভাগের তৎকালীন বিভাগীয় প্রধান ড. সুশীল কুমার দে। সম্পাদক ছিলেন ঢাকা জাদুঘরের কিউরেটর নলিনীকান্ত ভট্টশালী। কমিটির সদস্য ছিলেন ড. রমেশচন্দ্র মজুমদার, রাধাগোবিন্দ বসাক, ড. মুহম্মদ শহীদুল্লাহ'র মতো ব্যক্তিরা।
তবে এ পর্যন্ত সংগ্রহ করা পাণ্ডুলিপির প্রকৃত সংখ্যাই জানে না গ্রন্থাগার কর্তৃপক্ষ। প্রাচীন বাঙলা, সংস্কৃত ফার্সি, উর্দু, আরবি ও মৈথিলী- এ ছয় ভাষায় লেখা সাহিত্য, দর্শন, ধর্মতত্ত্ব, ইতিহাস, চিকিৎসা শাস্ত্রসহ (আয়ুর্বেদ) বিভিন্ন বিষয়ের দুর্লভ এসব পাণ্ডুলিপির অধিকাংশেররই পাঠোদ্ধার হয়নি।
অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, "বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এসব পাণ্ডুলিপি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। ১৯৭৪ সাল পর্যন্ত এগুলো ভালো থাকে। ১৯৭৫ সালে এয়ারকুলার লাগানোর ফলে ৫০০ বছরে এগুলোর যে ক্ষতি হয়নি, তা এখন হচ্ছে। কারণ বিভিন্ন উপকরণ ও সংমিশ্রণে লিখিত এসব পাণ্ডুলিপিগুলো সংরক্ষণের জন্যে ২৪ ঘণ্টা একই তাপমাত্রা থাকা প্রয়োজন। এ কক্ষে সার্বক্ষণিক একই তাপমাত্রা ও আর্দ্রতা সংরক্ষণের ব্যবস্থা করার কথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলা হলেও এখনও তা করা হয়নি।"
পাণ্ডুলিপি শাখার গবেষক শাহীন সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত মার্চে অনুষ্ঠিত তিন দিনব্যাপী প্রদর্শনীর সময় বিদ্যুৎ সরবরাহ সার্বক্ষণিক করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
তবে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিদ্যুতের সার্বক্ষণিক ব্যবস্থা হয়নি।
ছেঁড়া ও জীর্ণ পাণ্ডুলিপি লেমিনেশন করার বিষয়ে উপ- গ্রন্থাগারিক সৈয়দা ফরিদা পারভীন বলেন, "যেসব পাণ্ডুলিপি হ্যাণ্ডেল করা যাবে না বা পাঁচ বছরের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে- সেগুলো লেমিনেশন করার কাজ চলছে। আশা করা যায়, লেমিনেশন করা হলে এগুলো অনেকদিন থাকবে।"
কোনও পাণ্ডুলিপি নষ্ট হলে তা কী করা হয়- জানতে চাইলে তিনি বলেন, "যদি কোনও পাণ্ডুলিপি নষ্ট হয়, তাহলেও তা রেখে দেওয়া হয়।"
অর্থাৎ নষ্ট পাণ্ডুলিপির গুঁড়ো উপকরণই রেখে দেওয়া হয়। তবে কোনও পাণ্ডুলিপি নষ্ট হয়েছে কিনা- এ প্রশ্নের উত্তর দেননি তিনি।
গ্রন্থাগার কর্মকর্তারা জানান, পুরোনো পাণ্ডুলিপিগুলো যাতে গবেষকদের ব্যবহারের ফলে নষ্ট হয়ে না যায়, সে জন্যে এগুলোকে মাইক্রোফিল্মের মাধ্যমে সংরক্ষণের ব্যবস্থা করা হয়। এছাড়া পাণ্ডুলিপির ওপরে কাঠের মলাট ও কাপড় দিয়ে এগুলো সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। কীটদুষ্ট পাণ্ডুলিপি ল্যাবরেটরিতে ফিউমিগেশন এবং পুরাতন পাণ্ডুলিপিগুলোর ক্ষারত্ব দূর করার জন্য ডি-এসিডিফাই করা হয়।
গবেষক শাহীন সুলতানা বলেন, "পাণ্ডুলিপিগুলোতে এখন আরও আধুনিক পদ্ধতিতে সিডিতে সংরক্ষণের কাজ শুরু হয়েছে।"
তবে সিডিতে পাণ্ডুলিপিগুলোর তথ্য সংগ্রহ করা গেলেও আসল পাণ্ডুলিপির প্রত
bdnews24