২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাস বুকে নিয়ে ঢাবি গ্রন্থাগারে নির্বাক পাণ্ডুলিপি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে পাণ্ডুলিপি শাখা কাজ শুরু করেছিল ৮৩ বছর আগে। তবে এ পর্যন্ত সংগ্রহ করা পাণ্ডুলিপির প্রকৃত সংখ্যাই জানে না গ্রন্থাগার কর্তৃপক্ষ। প্রাচীন বাঙলা, সংস্কৃতসহ ৬টি ভাষায় লেখা এসব পাণ্ডুলিপির অধিকাংশরই পাঠোদ্ধার হয়নি। কেবল পাণ্ডুলিপির 'পরিচায়ন' করেই দায় সারছে কর্তৃপক্ষ। জানাচ্ছেন জান্নাতুল ফেরদাউস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2008, 03:21 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

জান্নাতুল ফেরদাউস ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে পাণ্ডুলিপি শাখা কাজ শুরু করেছিল ৮৩ বছর আগে। তবে এ পর্যন্ত সংগ্রহ করা পাণ্ডুলিপির প্রকৃত সংখ্যাই জানে না গ্রন্থাগার কর্তৃপক্ষ। প্রাচীন বাঙলা, সংস্কৃতসহ ৬টি ভাষায় লেখা এসব পাণ্ডুলিপির অধিকাংশরই পাঠোদ্ধার হয়নি। কেবল পাণ্ডুলিপির 'পরিচায়ন' করেই দায় সারছে কর্তৃপক্ষ। এ শাখার উপ-গ্রন্থাগারিক সৈয়দা ফরিদা পারভীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কতগুলো পাণ্ডুলিপির পাঠোদ্ধার করে তা প্রকাশ করা হয়েছে তা আমরা জানি না। পাণ্ডুলিপির সংখ্যা নিয়েও কোনো হিসাব আমাদের কাছে নেই। তবে পরিচায়নকৃত (পাণ্ডুলিপির সময়কাল, স্থান, ভাষা ও বিষয়ের সংক্ষিপ্ত পরিচিতি) পাণ্ডুলিপির সংখ্যা ১৪ হাজার। এর মধ্যে আনুমানিক ৫০-৬০টির পাঠোদ্ধার করা হয়েছে।" সহকারী গ্রন্থাগারিক ও পাণ্ডুলিপি শাখার গবেষক সৈয়দ আলী আকবর বলেন, "সব পাণ্ডুলিপির পরিচায়ন এখনো শেষ হয়নি, তাই প্রকৃত সংখ্যা বলতে পারছি না। একটি বিষয়ের পাণ্ডুলিপির বান্ডিলের মধ্যে অন্য বিষয়ের পাণ্ডুলিপিও থাকতে পারে। এগুলোর পরিচায়ন ও পাঠোদ্ধার শেষ হলেই পাণ্ডুলিপির প্রকৃত সংখ্যা বলা যাবে।" পাণ্ডুলিপির পাঠোদ্ধারের দায়িত্ব কার- এ প্রশ্নের সরাসরি কোনো জবাব না দিয়ে ফরিদা পারভীন বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব কম গবেষকই এসব পাণ্ডুলিপির পাঠোদ্ধারের জন্য আসেন। বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকেও গবেষকরা আসেন। তবে এসব পাণ্ডুলিপি নিয়ে গবেষণার জন্য বৃত্তি দেয়া হলে গবেষকরা আকৃষ্ট হতো।" এ ব্যাপারে গ্রন্থাগারের গবেষক শাহীন সুলতানা দাবি করেন, "আমাদের দায়িত্ব শুধু পাণ্ডুলিপির পরিচায়ন করা। গবেষণা করা নয়।" ফরিদা পারভীন জানান, গত মার্চে এক সেমিনারে পাণ্ডুলিপি নিয়ে গবেষণার জন্য বৃত্তি প্রবর্তনের প্রস্তাব দেওয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টির জন্য ভাষাভিত্তিক বিভাগগুলোতে (বাংলা, ফার্সি, পালি ও বুদ্ধিস্ট, সংস্কৃত এবং ভাষাবিজ্ঞান) গবেষণা প্রস্তাব চেয়ে চিঠি দেয়া হয়। তবে এতে কোনো সাড়া মেলেনি। গ্রন্থাগারের কর্মকর্তারা জানান, যে কয়েকটি পাণ্ডুলিপির পাঠোদ্ধার হয়েছে তার বেশিরভাগই গবেষকরা করেছেন এমফিল বা পিএইচডি'র গবেষণার বিষয় হিসেবে। গত ১৫ বছরে মাত্র ৭-৮টি পাণ্ডুলিপির পাঠোদ্ধার হয়েছে। পাঠোদ্ধারকৃত পাণ্ডুলিপি সংরক্ষণেও কর্তৃপক্ষের সুনির্দিষ্ট কোনো উদ্যোগ নেই। এসব পাণ্ডুলিপি বই আকারে প্রকাশ করতে গবেষকদের ব্যক্তিগতভাবে বাংলা একাডেমীর শরণাপন্ন হতে হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে বই আকারে প্রকাশিত পাঠোদ্ধারকৃত পাণ্ডুলিপির সংখ্যা হাতে গোনা। কর্তৃপক্ষ পাঠোদ্ধারকৃত পাণ্ডুলিপি সংরক্ষণের উদ্যোগ কেন নিচ্ছে না জানতে চাইলে ফরিদা বলেন, "এ জন্য প্রয়োজনীয় বাজেট আমাদের হাতে নেই। বেশিরভাগ গবেষকই নিজেদের উদ্যোগে বাংলা একাডেমীর মাধ্যমে পাণ্ডুলিপি বই আকারে প্রকাশ করেন। সংরক্ষণের জন্য আমাদের পক্ষ থেকে তাদের কাছে প্রকাশিত বইয়ের কপি চাওয়া হয়। তারা অনেকে দেন, আবার কেউ কেউ দেন না। এটা তাদের নিজস্ব ব্যাপার। কর্তৃপক্ষের এতে করার কিছু থাকে না।" ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর পাণ্ডুলিপি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়। ১৯২৫-২৬ শিক্ষাবর্ষে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের মাধ্যমে পাণ্ডুলিপি সংগ্রহের কাজ শুরু হয়। ওই কমিটির সভাপতি ছিলেন সংস্কৃত ও বাংলা বিভাগের তৎকালীন বিভাগীয় প্রধান ড. সুশীল কুমার দে। সম্পাদক ছিলেন ঢাকা জাদুঘরের কিউরেটর নলিনীকান্ত ভট্টশালী। কমিটির সদস্য ছিলেন ড. রমেশচন্দ্র মজুমদার, রাধাগোবিন্দ বসাক, ড. মুহম্মদ শহীদুল্লাহ'র মতো ব্যক্তিরা। ওই কমিটির উদ্যোগে শুরু হয় অবিভক্ত ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে দুর্লভ সব পাণ্ডুলিপি সংগ্রহের কাজ। গ্রন্থাগারে পাণ্ডুলিপি শাখা প্রতিষ্ঠার পর ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকে পাণ্ডুলিপি দান করেন তখনকার ধনাঢ্য ব্যক্তিরা। জমিদার খান বাহাদুর কাজিমুদ্দীন আহমেদ সিদ্দিকী, হেকিম হাবিবুর রহমান, আব্দুল করিম সাহিত্য বিশারদ, আমিনুর রহমান, ড. সত্যেন্দ্র নাথ রায়, কৃষ্ণদাস আচার্য, প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ'র মতো ব্যক্তিদের দানে সমৃদ্ধ হয় পাণ্ডুলিপি শাখা। স্বাধীনতার পর ১৯৮৩ সালে ফোর্ট ফাউণ্ডেশনের অর্থায়নে কুমিল্লার রামমালা লাইব্রেরি, কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরি, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংগ্রহ কেন্দ্র, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, নাজিমুদ্দিন মুসলিম হল লাইব্রেরি, শ্রীহট্ট সংস্কৃত কলেজ, কুমিল্লার বৌদ্ধ বিহার এবং কক্সবাজারের রামু বৌদ্ধ মন্দির থেকে কয়েক হাজার পাণ্ডুলিপি সংগ্রহ করা হয়। এছাড়া ২০০৭ সালে অধ্যাপক আহমদ শরীফের সংগ্রহশালা থেকে আব্দুল করিম সাহিত্য বিশারদের ৪০৬টি পাণ্ডুলিপি দান করা হয় কেন্দ্রীয় গ্রন্থাগারে। পাণ্ডুলিপি শাখায় বর্তমানে প্রাচীন বাঙলা, সংস্কৃত, ফার্সি, উর্দু, আরবি ও মৈথিলী- এ ছয় ভাষায় লেখা সাহিত্য, দর্শন, ধর্মতত্ত্ব, ইতিহাস, চিকিৎসা শাস্ত্রসহ (আয়ুর্বেদ) বিভিন্ন বিষয়ের দুর্লভ সব পাণ্ডুলিপি রয়েছে। প্রাচীন বাংলা ছাড়াও দেবনাগরী, ফার্সি, আরবি, বর্মি ইত্যাদি হরফে লেখা এসব পাণ্ডুলিপির অধিকাংশই পনের থেকে উনিশ শতকের মধ্যে লিখিত ও অনুলিপিকৃত। লেখার কাজে ব্যবহার করা হয়েছে তালপাতা, তেরেটপাতা, কলাপাতা, গাছের বাকল, হাতে তৈরি তুলট কাগজ ও মিলে তৈরি কাগজের মতো বিচিত্র সব উপাদান। সোনা ও লোহামিশ্রিত কালিতে লেখা হয়েছে এমন পাণ্ডুলিপিও রয়েছে কয়েকটি। সরেজমিনে পাণ্ডুলিপি শাখায় ঘুরে দেখা যায়, নিয়মিত ঝাড়ামোছা না হওয়ায় ধূলো জমেছে অনেক পাণ্ডুলিপির ওপর। অনেক পাণ্ডুলিপির মোড়কও খোলা হয়নি। কর্তৃপক্ষও এসব পাণ্ডুলিপির বিষয়বস্তু সম্পর্কে নিশ্চিত নয়। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক সৈয়দ আনোয়ার হোসেন জানান, গ্রন্থাগারে সংরক্ষিত পাণ্ডুলিপিগুলোর মধ্যে ১৪৩৯ খ্রিস্টাব্দের 'সারদা তিলক' সবচেয়ে প্রাচীন। এটি লেখা হয়েছিল পাল আমলে। ওই সময়ই বাংলা হরফের সৃষ্টি। এটির পাঠোদ্ধার হলে বাঙালি জাতীয় ইতিহাস জানা অনেকখানি সহজ হবে। সারদা তিলকের পরিচায়ন হলেও এখন পর্যন্ত পাঠোদ্ধারের কোনো উদ্যোগ কর্তৃপক্ষ নেয়নি। পাণ্ডুলিপির পরিচিতি ও গবেষকদের আগ্রহ সৃষ্টির জন্য এক সময় বিভিন্ন দেশের বড় গ্রন্থাগারগুলোতে এ সম্পর্কিত তথ্য পাঠানো হতো। দীর্ঘদিন ধরে এ প্রক্রিয়াও বন্ধ। এ ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হবে কি না জানতে চাইলে উপ-গ্রন্থাগারিক সৈয়দা ফরিদা পারভীন বলেন, "এ রকম কিছু আমরা এখনো ভাবিনি।" বিশ্ববিদ্যালয়ের সাবেক গ্রন্থাগারিক ও ইতিহাস বিভাগের অধ্যাপক মোফাখখারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, "ইউরোপ, আমেরিকায় পাণ্ডুলিপি ভিত্তিক গবেষণার ধারা নষ্ট হয়ে গেছে। তাদের 'সুপারভাইজ' করার লোক না থাকায় তারা এখন আর পাণ্ডুলিপি বিষয়ক এমফিল, পিএইচডিতে লোক নিচ্ছে না। আমরাও সেদিকে যাচ্ছি। এটি হবে এ জাতির জন্য একটি কলঙ্কজনক অধ্যায়।" পাণ্ডুলিপির প্রকৃত সংখ্যা জানা না গেলে এগুলো হারিয়ে যেতে পারে- এমন আশঙ্কা জানিয়ে অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, "এসব দু