২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে বন্য হাতির আক্রমণে একই পরিবারের চারজন নিহত

লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের তীরের ডেবা এলাকায় বৃহস্পতিবার রাতে বন্য হাতির আক্রমণে দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এরা হলেন- সৈয়দ আলম (৫০), তার স্ত্রী জরিনা খাতুন (৪০), ছেলে জোবায়ের (১০) ও মেয়ে কুলসুম আরা (৪)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2008, 02:57 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

বান্দরবান, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের তীরের ডেবা এলাকায় বৃহস্পতিবার রাতে বন্য হাতির আক্রমণে দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এরা হলেন- সৈয়দ আলম (৫০), তার স্ত্রী জরিনা খাতুন (৪০), ছেলে জোবায়ের (১০) ও মেয়ে কুলসুম আরা (৪)। হাতির আক্রমণে আনোয়ার নামে একজন দিনমজুর আহত হন বলেও জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. কামাল উদ্দিন। ফাঁসিয়াখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে পাহাড় থেকে বিশাল আকারের একটি বন্য হাতি নেমে একই পরিবারের চারজনকে পায়ে পিষে এবং শূঁড় দিয়ে আছড়ে মেরেছে। ফাঁসিয়াখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. বাচ্চু মিয়া জানান, তীরের ডোবা এলাকায় পাহাড়ের পাদদেশে দিনমজুর সৈয়দ আলমের বসত ঘর। স্ত্রী দুই মেয়ে ও চার ছেলেসহ তাদের পরিবারের সদস্য আট। তিনি জানান, হাতির আক্রমণ শুরু হলে ঘুম থেকে উঠে তিন ছেলে ও এক মেয়ে পালিয়ে যায়। কিন্তু বাকি চারজন পালাতে পারেনি। হাতিটি তাদের শূঁড় দিয়ে আছড়ে ও পায়ে পিষে মারে। শুক্রবার দুপুরে নিহতদের লাশ দাফন করা হয়। বাচ্চু মিয়া আরও জানান, ঘটনা শুনে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউএনও বেঁচে যাওয়া চারজনকে তাৎক্ষণিকভাবে নগদ দুই হাজার টাকা দেন এবং পরে আরও সহযোগিতা দেবেন বলেও আশ্বাস দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫০ ঘ.