২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আরও ছয়টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করবে সেনাবাহিনী'

উপকূলীয় এলাকায় দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সেনাবাহিনী আরও ছয়টি ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র তৈরি করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2008, 02:36 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

বাগেরহাট, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপকূলীয় এলাকায় দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সেনাবাহিনী আরও ছয়টি ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র তৈরি করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ। তিনি বলেন, "উপকূলীয় এলাকায় পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র না থাকায় সিডরে বেশি মানুষের প্রাণহানি হয়েছিল। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সেনাবাহিনী আরও ছয়টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করবে।" শুক্রবার দুপুরে বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ সাউথখালী গ্রামে সৌদি আরব প্রবাসী বাংলাদেশি ও সেনাপ্রধানের ত্রাণ তহবিলের যৌথ অর্থায়নে নির্মিত 'আশার আলো মসজিদ কাম সাইক্লোন শেল্টার' উদ্বোধনকালে জেনারেল মইন এ কথা বলেন। চারশ' মুসল্লি এবং এক হাজার মানুষ ধারণ ক্ষমতা সম্পন্ন দ্বিতল এই মসজিদ কাম সাউক্লোন শেল্টারটি তৈরিতে খরচ হয়েছে ৫৫ লাখ টাকা। এর মধ্যে সৌদি প্রবাসী বাংলাদেশিদের সংগঠন 'স্কপ বিজনেস অ্যাসোসিয়েশন, রিয়াদ' দিয়েছে ৩৭ লাখ টাকা এবং সেনা প্রধানের ত্রাণ তহবিল থেকে দেওয়া হয়েছে ১৮ লাখ টাকা। ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্রটি তৈরি করেছে বাগেরহাটে দায়িত্বরত সেনাবাহিনীর ৫৫ পদাতিক ব্রিগেডের সেনারা। এর জন্য ১৬ শতক জমি দিয়ে সহযোগিতা করেছেন দক্ষিণ সাউথখালী গ্রামের বারিক হাওলাদার। বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নে ছোট বড় মোট ছয়টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ছিল। নতুনটি নিয়ে এই ইউনিয়নে আশ্রয় কেন্দ্রের সংখ্যা দাঁড়ালো সাত। শুক্রবার জুমার নামাজের আগে নতুন মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, "সেনাবাহিনী জনগনের কল্যাণে কাজ করছে। সব সময় তারা মানুষের জন্য কাজ করে যাবে। সিডরের পরে সেনা সদস্যরা বিপদগ্রস্ত মানুষের পাশে ছিল। দুর্গত এলাকায় কোন মানুষকে বিনা খাদ্যে আর বিনা চিকিৎসায় মরতে দেওয়া হয়নি।" এলাকার সব অনাবাদী জমি চাষের আওতায় আনার ওপর গুরুত্বাারোপ করে তিনি বলেন, "একমাত্র কৃষির উন্নয়নের মাধ্যমেই এ দেশের মানুষকে স্বনির্ভর করে তোলা সম্ভব।" ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- যশোর সেনানিবাসের জিওসি ও ৫৫ ব্রিগেডের কমাণ্ডার মেজর জেনারেল রফিকুল ইসলাম, ৮৮ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমাণ্ডার ব্রিগেডিয়ার জেনারেল এহতেশাম উল হক, স্কপ বিজনেস অ্যাসোসিয়েশন, রিয়াদ এর সভাপতি প্রকৌশলী আফসারুল আলম ও জমিদাতা বারিক হাওলাদার। আশ্রয় কেন্দ্রটি উদ্বোধনের আগে সেনাপ্রধান এর চত্ত্বরে একটি নিম গাছের চারা রোপণ করেন। সেনাপ্রধান পটুয়াখালী থেকে দুপুর সাড়ে ১২টার দিকে শরণখোলার গাবতলী বাজারে পৌঁছান। সেখান থেকে তিনি দক্ষিণ সাউথখালী গ্রামের ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে যান। এ সময় তার সঙ্গে ছিলেন- বাগেরহাটের জেলা প্রশাসক সহিদুল ইসলাম, বাগেরহাট সেনাক্যাম্পের ইনচার্জ লে. কর্নেল শাহীনুল হক, পুলিশ সুপার একেএম শহীদুর রহমান, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নেওয়াজ তালুকদারসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। সেনা প্রধান গত ১০ জুলাই বৃহস্পতিবার বাগেরহাটের রামপালে আশ্রায়ন প্রকল্পের অধিবাসীদের জন্য সেনাপ্রধানের ত্রাণ তহবিলের অর্থায়নে নির্মিত আশার আলো দুগ্ধ খামার ও বায়োগ্যাস বিদ্যুৎ প্লান্ট-১ এর উদ্বোধন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩০ ঘ.