২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় বন কর্মকর্তাসহ চারজন নিহত

চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় বন বিভাগের কালীপুর রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান (৪৪) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই রেঞ্জের বাগান মালী আবুল কালাম (৪৬)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2008, 03:23 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় বন বিভাগের কালীপুর রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান (৪৪) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই রেঞ্জের বাগান মালী আবুল কালাম (৪৬)। ময়মনসিংহের ফুলপুর উপজেলার তারাকান্দা এলাকায় ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের দুটির বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। আহত ১০ জনকে ভর্তি করা হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক জহুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাফিজুর রহমান বেলা একটার দিকে মারা যান। আহত আবুল কালাম এখনও চমেক হাসপাতালে চিকিৎসাধীন। নিহত বন কর্মকর্তার বাড়ি ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলায়। বছর খানেক আগে তিনি বাঁশখালীর কালীপুর রেঞ্জ কর্মকর্তা হিসাবে যোগ দেন। বাঁশখালীর স্থানীয় একজন সাংবাদিক পুলিশের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকালে মোস্তাফিজুর রহমান ও বাগান মালী মোটর সাইকেলে চট্টগ্রাম-বাঁশখালী সড়কে গুনাগারি যাচ্ছিলেন। গুনাগারির কাছাকাছি পৌঁছানোর বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে তারা গুরুতর আহত হন। ময়মনসিংহ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা ড্রিমল্যান্ড পরিবহনের একটি বাস ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দার তালদিঘী এলাকায় পৌঁছানোর পর শেরপুর থেকে ঢাকাগামী ড্রিমল্যাণ্ড পরিবহনের আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হন আরও ২৫ জন। নিহতরা হলেন- ঢাকা থেকে শেরপুরগামী বাসের চালক আবুল হোসেন (৪৪) ও তার সহকারী আবুল (২৫) ও যাত্রী রেবেকা সুলতানা (৩৫)। তারাকান্দা থানার উপ পরিদর্শক (এসআই) মাজেদ হোসেন জানান, দুটি বাসেরই বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ১০ জনকে ভর্তি করা হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। ঢাকাগামী বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএআর/কিউএইচ/এমএসবি/২১১৮ ঘ.