২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেপ্টেম্বর থেকে আবার খোলা বাজার কার্যক্রম: খাদ্য উপদেষ্টা

খাদ্যপণ্যের উচ্চ মূল্যের কারণে সরকার আগামী সেপ্টেম্বর মাস থেকে আবার খোলা বাজার (ওএমএস) কার্যক্রম শুরু করবে। খাদ্য ও স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা এ এম এম শওকত আলী এ তথ্য জানিয়ে বলেছেন, পাশাপাশি ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচি, ভিজিএফ, ভিজিডি, টিআর ও জিআর কর্মসূচিও হাতে নিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2008, 02:01 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্যপণ্যের উচ্চ মূল্যের কারণে সরকার আগামী সেপ্টেম্বর মাস থেকে আবার খোলা বাজার (ওএমএস) কার্যক্রম শুরু করবে। খাদ্য ও স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা এ এম এম শওকত আলী এ তথ্য জানিয়ে বলেছেন, পাশাপাশি ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচি, ভিজিএফ, ভিজিডি, টিআর ও জিআর কর্মসূচিও হাতে নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খাদ্য পণ্যের উচ্চমূল্য সরকারের পুষ্টি কার্যক্রম, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নেই, তা সবাই জানেন। তবে এটা নিয়ন্ত্রণ করা অসম্ভব হবে না। ভারতসহ আন্তর্জাতিক বাজারে বর্তমানে চালের মূল্য কমতে শুরু করেছে। এখনই চাল আমদানি ও মজুদ বাড়াতে হবে।" তবে এ মূহুর্তে বাজারে খাদ্যসামগ্রীর পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন জানিয়ে শওকত আলী বলেন, "বর্তমানে দেশে খাদ্য মজুদের পরিমান প্রায় চার লাখ ৯৯ হাজার মেট্রিকটন। গত বছর ছিল চার লাখ মেট্রিক টন। এর মধ্যে সরকারের অভ্যন্তরীণ সংগ্রহ কার্যক্রম চলছে। এ পর্যন্ত নয় লাখ ২৩ হাজার মেট্রিকটন চাল সংগ্রহের জন্য বিভিন্ন পক্ষের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। প্রতিদিনই সরকারি গুদামে চুক্তি অনুযায়ী কমপক্ষে পাঁচ হাজার মেট্রিক টন চাল আসছে। তাই খাদ্য নিরাপত্তা গড়ে তোলা অসম্ভব হবে না।" দেশের জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে শওকত আলী বলেন, "দেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক ৪১। ২০০১ সালে এই হার ছিল এক দশমিক ৫। এছাড়া বর্তমানে দেশে প্রজনন হার দুই দশমিক সাত। আগামী ২০১০ সালের মধ্যে এটা দুই দশমিক দুই-এ নামিয়ে আনার জন্য সরকার কার্যক্রম নিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, ২০১০ সালের মধ্যে এটা অর্জন করা সম্ভব হবে না। এজন্য এ লক্ষ্যকে ২০১৫ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।" পরিবার পরিকল্পনা সামগ্রীর দাম সম্পর্কিত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, এসব সামগ্রীর মূল্য হ্রাস বা নিয়ন্ত্রণের ব্যাপারে এ মূহুর্তে কোন পরিকল্পনা নেই। সরকারের কাছে এ সম্পর্কিত দাবি বা কোনো অভিযোগও আসেনি। জনসংখ্যা নিয়ন্ত্রণে বস্তিবাসীদের জন্য সরকারের নেয়া কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, বস্তিবাসীদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম ছড়িয়ে দিতে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। তবে এটা গ্রহণ করা বা না করা হচ্ছে দম্পতিদের ব্যাপার। সরকার এ জন্য চাপ দিতে পারে না। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব এ কে এম জাফর উল্লাহ খানও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এমএইচবি/১৯৪৫ ঘ.