২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৫ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে- সেনাপ্রধানের আশাবাদ

সবার সম্মিলিত প্রচেষ্টায় ২০১৫ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2008, 01:00 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

পটুয়াখালী, বাগেরহাট, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সবার সম্মিলিত প্রচেষ্টায় ২০১৫ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ। বৃহস্পতিবার পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর নাজির গ্রামে সিডর ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ইউনিলিভারের অর্থায়নে নির্মিত ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে চর নাজির গ্রামের সিডর ক্ষতিগ্রস্তদের জন্য ৭৫টি পরিবারের মধ্যে ৭৫টি টিনের ঘর হস্তান্তর করা হয়। এছাড়া ১৫টি গরু, ২০টি ছাগল ও পাঁচটি টিউবওয়েলও হস্তান্তর করেন সেনাপ্রধান। বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভারের অর্থায়নে 'অপারেশন লাইট হাউজ' প্রকল্পের অধীনে এসব ঘর নির্মাণ করা হয়। প্রায় এক কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। অনুষ্ঠানে খাদ্য পণ্যের দাম বাড়ার কথা উল্লেখ করে মউন উ আহমেদ বলেন, "বিশ্বের ২২টি দেশে খাদ্যের দাম বাড়ার কারণে 'রায়ট' হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু খাদ্যের দাম কমেনি।" তিনি বলেন, "আমাদের এক ইঞ্চি জমিও বাড়বে না, তাই উৎপাদন বাড়াতে হবে। উৎপাদন বাড়ানোর মাধ্যমে আমাদের খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হতে হবে।" তিনি আরো বলেন, "২০০৭ সালে বড় কয়েকটি দুর্যোগ মোকাবেলা করেছি আমরা। সবার সম্মিলিত প্রচেষ্টায় ঘূর্ণিঝড়ের পর একজন মানুষকেও না খেয়ে মারা যায়নি।" এ সময় ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল রফিকুল ইসলাম, ইউনিলিভারের স্বাস্থ্য বিভাগের পরিচালক মিজানুর রশিদ, পটুয়াখালীর জেলা প্রশাসক এ জি এম মীর মশিউর আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাগেরহাটে দুগ্ধ খামার উদ্বোধন শেষে দুপুর পৌনে ২টায় হেলিকপ্টারে চর নাজিরে আসেন মইন উ আহমেদ। ঘর হস্তান্তর অনুষ্ঠান শেষে বিকাল পৌনে ৪টায় কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হন। এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাগেরহাটের রামপালে দাউদখালী নদীর তীরে সিডর দুর্গত আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জন্য নির্মিত আশার আলো দুগ্ধ খামার ও বায়োগ্যাস বিদ্যুৎ প্রকল্প-১ এর উদ্বোধন করেন জেনারেল মইন উ আহমেদ। সেনা প্রধানের ত্রাণ তহবিলের অর্থায়নে এ খামার ও বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করা হয়েছে। এ উপলক্ষে রামপাল ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত সুধী সমাবেশে মইন উ আহমেদ জানান, সিডর বিধ্বস্ত এলাকার ক্ষতি পুষিয়ে নিতে সেনাবাহিনী কৃষি খাতকে অগ্রাধিকার দিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় ফসলের বীজ, লাঙল, ট্রাক্টরসহ কৃষি উপকরণ, মাছ ধরা নৌকা, ট্রলার ও জাল বিতরণ করা হয়েছে। সিডরের পর গঠিত সেনা প্রধানের ত্রাণ তহবিলের অর্থ কৃষকের উন্নয়নে ব্যয় করা হচ্ছে। সুধী সমাবেশে শ্রীফলতলা আশ্রয়ন প্রকল্প বহুমুখী সমবায় সমিতির সভাপতি মিসেস নাহার বেগম ও সহ-সভাপতি গোবিন্দ দাসের কাছে প্রকল্পের দলিল হস্তান্তর করেন তিনি। ২০টি গাভী নিয়ে আশার আলো দুগ্ধ খামার ও বায়োগ্যাস বিদ্যুৎ প্রকল্প-১ কাজ শুরু করেছে। শ্রীফলতলা আশ্রয়ন প্রকল্প বহুমুখী সমবায় সমিতি লিমিটেড নামের সমবায় সমিতির মাধ্যমে আশ্রয়ন প্রকল্পের দেড়শ পরিবার এ প্রকল্পের সুবিধা পাবে। বর্তমানে এই খামার থেকে প্রতিদিন প্রায় ২৫০ লিটার দুধ উৎপাদন হয়। গরুর বর্জ্য থেকে পরিচালিত বায়োগ্যাস থেকে এখানকার পরিবারগুলো প্রতিদিন ৪ থেকে ৫ ঘন্টা বিদ্যুৎ সুবিধা লাভ করবে। এ ছাড়া এখান থেকে প্রাপ্ত জৈব সার আশ্রয়ন প্রকল্পে কৃষি কাজে ব্যবহার করা যাবে। সমবায় নীতিমালার আলোকে ২০ সদস্যের একটি কমিটির মাধ্যমে প্রকল্পটি পরিচালিত হবে। অনুষ্ঠানে যশোর সেনানিবাসের আঞ্চলিক কমাণ্ডার মেজর জেনারেল রফিকুল ইসলাম, বাগেরহাট সেনাক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল শাহীনুল হক, বাগেরহাটের জেলা প্রশাসক সহিদুল ইসলামসহ সেনাবাহিনী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। জেনারেল মইন উ আহমেদ শুক্রবার সকাল ১০টায় কুয়াকাটা নারকেল বাগান এলাকায় সিডর ক্ষতিগ্রস্তদের জন্য ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশন (অরকা) নির্মিত ৮০টি ঘর জেলে পরিবারের মাঝে হস্তান্তর করবেন। এরপর ওইদিন দুপুরে বাগেরহাটের শরণখোলার সাউথখালীতে মসজিদ (যা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে) উদ্বোধন ও স্থানীয়দের সঙ্গে মত বিনিময় করবেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএ/১৮৪৬ ঘ.