২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় সরকার নির্বাচনে যুদ্ধাপরাধীদের বর্জন করার আহ্বান সেক্টর কমান্ডারস ফোরামের

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের এবং মুক্তিযুদ্ধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বর্জন করার আহ্বান জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2008, 12:22 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের এবং মুক্তিযুদ্ধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বর্জন করার আহ্বান জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিকদের কাছে এই আহ্বান জানান তারা। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে সেক্টর কমান্ডারস ফোরামের ঘোষণাপত্রে জাতীয়, স্থানীয় ও সব নির্বাচনী প্রক্রিয়া থেকে যুদ্ধাপরাধী, মুক্তিযুদ্ধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বর্জন করার আহ্বান জানানো হয়েছে। আসন্ন কয়েকটি সিটি করপোরেশন ও অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণকারী প্রত্যেক যুদ্ধাপরাধী, মুক্তিযুদ্ধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি ও সংগঠনকে সার্বিকভাবে বর্জনের আহ্বান জানান তারা। একই সঙ্গে এই ধরনের কোন ব্যক্তি বা সংগঠনের সঙ্গে কোনো রকম নির্বাচনী আঁতাত না করার জন্যও সবার প্রতি আহ্বান জানায় সেক্টর কমান্ডারস ফোরাম। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সেক্টর কমান্ডারস ফোরামের চলমান আন্দোলনকে আরও বেগবান করার জন্য শিল্পী কাইয়ুম চৌধুরীকে আহ্বায়ক করে একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় ও জাতীয় ভিত্তিতে পোস্টার, চিত্রশিল্প ও সব ধরনের অংকন প্রতিযোগিতা ও প্রদর্শনী আয়োজন করবে এই সাব-কমিটি। সাব-কমিটির সমন্বয়ক ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মেজর জেনারেল (অব.) আমিন আহমেদ চৌধুরী, বীর বিক্রম এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ। সাব-কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- শিল্পী রফিকুন নবী, শিল্পী মনিরুজ্জামান, শিল্পী শিশির ভট্টাচার্য, শিল্পী শেখ আফজাল ও শিল্পী অশোক কর্মকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমএ/১৮১৭ ঘ.