২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জেএমবির বোমা হামলার আরেকটি মামলায় সব আসামি খালাস

বরিশালে ১৪টি স্থানে ২০০৫ সালের ১৭ আগস্ট নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর জঙ্গিদের বোমা হামলার ঘটনায় করা ১২টি মামলার আরেকটিতে সব আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2008, 11:05 AM

Updated : 26 Aug 2022, 02:06 PM

বরিশাল, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে ১৪টি স্থানে ২০০৫ সালের ১৭ আগস্ট নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর জঙ্গিদের বোমা হামলার ঘটনায় করা ১২টি মামলার আরেকটিতে সব আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। জেলা প্রশাসক কার্যালয়ে বোমা হামলার মামলায় বৃহস্পতিবার ১৪ আসামির সবাইকে বেকসুর খালাস দেন বরিশাল দ্রুত বিচার আদালতের বিচারক রবিউল হাসান। জেএমবি জঙ্গিরা বরিশালের জজ আদালত চত্ত্বর, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, হাসপাতাল রোড, রুপাতলি বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, পুলিশ সুপারের কার্যালয়সহ ১৪টি স্থানে বোমা হামলা চালায়। এই ঘটনায় ১২টি মামলা দায়ের করা হয়। ২০০৬ সালে একই আদালত হাসপাতাল রোডে হামলার মামলায় ৯ আসামির সবাইকে বেকসুর খালাস দিয়েছিল। বৃহস্পতিবার দুপুরে দেওয়া রায়ে খালাসপ্রাপ্তরা হলেন-গোলাম মোর্শেদ চৌধুরী রেজা, আবু সোলায়মান সুজন, জালাল আরেফিন, মারুফ, সাইফুল, মো. জসিম উদ্দিন, আবু ইউসুফ মজুমদার, আব্দুস সোবাহান, গিয়াস, সুলতান শরীফ জিয়াউর রহমান জিয়া, জাহিদ বাবু, সরোয়ার হোসেন ও আব্দুর রহিম। এদের মধ্যে জিয়া, জাহিদ, সরোয়ার ও রহিম পলাতক রয়েছেন। এই মামলাটির অভিযোগপত্র দেওয়া হয় ২০০৫ সালের ২৫ ডিসেম্বর। পরে মামলাটি বিচারের জন্য বরিশাল বিভাগীয় দ্রুত বিচার আদালতে পাঠানো হয়। মামলার ২৭ জন সাক্ষীর মধ্যে সাক্ষ নেওয়া হয় ২৫ জনের। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট কাজী মুনিরুল হাসান। আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট গিয়াসউদ্দিন কাবুল এবং শাখাওয়াত হোসেন জুম্মান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০১ ঘ.