২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে রিট খারিজ

চারটি সিটি করপোরেশন ও নয়টি পৌরসভা নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি ফরিদ আহাম্মদের হাইকোর্ট বেঞ্চ রিটটির ওপর সংক্ষিপ্ত শুনানি গ্রহণ করে এই আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2008, 08:21 AM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই, ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--চারটি সিটি করপোরেশন ও নয়টি পৌরসভা নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি ফরিদ আহাম্মদের হাইকোর্ট বেঞ্চ রিটটির ওপর সংক্ষিপ্ত শুনানি গ্রহণ করে এই আদেশ দেন। আদালত আদেশে বলেন, "নির্বাচন কমিশনের নির্বাচন অনুষ্ঠানের অধিকার রয়েছে। এ বিষয়ে হস্তক্ষেপ করার কিছু নেই। তাই রিটটি সরাসরি খারিজ করা হলো।" আদেশের পর রিটকারীর কৌসুলি এ বি এম নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই রায়ের বিরুদ্ধে আমরা আপিল করব। রায়ের কপি পেলেই আমরা সুপ্রিম কোর্টে আপিল করব।" সুপ্রিম কোর্টের আইনজীবী গিয়াসউদ্দিন আহমেদ গত ৭ জুলাই রিটটি দায়ের করেছিলেন। এ বি এম নুরুল ইসলাম আরও বলেন, "ঘোষিত তফসিল সংবিধানের ১১৯ অনুচ্ছেদ পরিপন্থী। ওই অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনের কাজ হচ্ছে জাতীয় সংসদ সদস্য ও রাষ্ট্রপতি নির্বাচন করা। ওই নির্বাচন না করে স্থানীয় সরকার নির্বাচনের জন্য তফসিল ঘোষণা অবৈধ।" তিনি বলেন, কোন নির্বাচনের তফসিল ঘোষণার আগে দেশে একটি চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। ভোটার তালিকা ছাড়া নির্বাচনের তফসিল ঘোষণা করা যায় না। ভোটার তালিকা প্রকাশের আগে যে তফসিল ঘোষণা করা হয়েছে তা অবৈধ ও অসাংবিধানিক। নুরুল ইসলাম জানান, সংবিধানের ৫৮ ঘ অনুচ্ছেদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের কাজ হচ্ছে সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। ওই কাজ না করে সরকার স্থানীয় নির্বাচনের আয়োজন করেছে। গত ২০ জুন চার সিটি করপোরেশন ও নয় পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ৪ আগস্ট এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১২ মে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) ও স্থানীয় সরকার (পৌরসভা) অধ্যাদেশ জারি করা হয়। এর আগে গত ৬ জুলাই চারটি সিটি করপোরেশন ও নয়টি পৌরসভা নির্বাচনের ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াত নেতা জসীমউদ্দিন সরকার একটি রিট দায়ের করেন। এই রিটটির ওপর আগামী রোববার বিচারপতি ইমান আলী ও বিচারপতি এমদাদুল হকের হাইকোর্ট বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমএ/১৬১৭ ঘ.