চট্টগ্রাম, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সয়াবিন ও পাম অয়েলের পাইকারি মূল্য ৩১ জুলাই পর্যন্ত পুনঃনির্ধারণ করা হয়েছে। বুধবার সরকারের একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর প্রতি কেজি সয়াবিনের পাইকারি দাম সর্বোচ্চ ১১২ টাকা এবং পাম অয়েল ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে ভোজ্যতেল আমদানিকারক ও ব্যবসায়ীরা জানিয়েছেন।
কয়েকদিন ধরে ভোজ্যতেলের দাম ক্রমাগত বাড়তে থাকায় ওই গোয়েন্দা সংস্থার উদ্যোগে চট্টগ্রাম সেনা নিবাসে এ বৈঠক হয়। এতে পে অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে ডিও (সরবরাহের আদেশ) কেনা-বেচার সিদ্ধান্ত নেয়া হয়।
বুধবার খাতুনগঞ্জের পাইকারি বাজারে প্রতি কেজি সয়াবিন বিক্রি হয়েছে ১১২ টাকা ৯৭ পয়সা এবং পাম অয়েল ১০১ টাকা ৩৫ পয়সা দরে বিক্রি হয়েছে।
বৈঠকে উপস্থিত এস আলম গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাইকারী ব্যবসায়ীরা আগামী ৩১ জুলাই পর্যন্ত নতুন দরে তেল বিক্রি করতে রাজি হয়েছেন।"
তিনি বলেন, "বৈঠকে কর্মকর্তারা অভিযোগ করেছেন, ডিও ব্যবসায়ীদের কেউ কেউ ডিও জমিয়ে রেখে মিল থেকে তেল সরবরাহ নেয়া কমিয়ে দিয়ে কৃত্রিম সঙ্কট তৈরি করেন। এভাবে দাম বাড়ার পর তারা পুরনো ডিও'র বিপরীতে মিল থেকে তেল নেন। এ প্রবণতা কমাতে বৈঠকে পে অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে ডিও কেনা-বেচার সিদ্ধান্ত হয়েছে।"
তবে বৈঠকে ভোজ্য তেলের খুচরা মূল্য নির্ধারণ করা হয়নি বলে মাসুদ জানান।
এ বৈঠকের ব্যাপারে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈঠকের বিষয়টি আমাকে জানানো হয়েছিল। তবে বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে আমাকে এখনও কিছু জানানো হয়নি।"
গোয়েন্দা কর্মকর্তারা বৈঠকে গত কয়েকদিনের পাইকারি ও খুচরা মূল্য ও সরবরাহের অসঙ্গতি তুলে ধরে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
এস আলমের গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক জানান, ব্যবসায়ীরা নতুন দর অনুযায়ী খুচরা বাজারের দর নির্ধারণ করবেন। পাইকারি দামের তুলনায় খুচরা বাজারে তেলের দাম কেজিতে বড়জোর দুই/তিন টাকা বেশি হতে পারে।
অবশ্য টিকে গ্র"পের পরিচালক (অপারশেন) তারেক আহমেদ খুচরা বাজারের দামের ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "পাইকারি বাজারে দাম যেটুকু বেড়েছে এ সিদ্ধান্তের পর তা কমে আসা উচিত। তবে খুচরা বাজারের ওপর এ মুহূর্তে কারো নিয়ন্ত্রণ নেই।"
তিনি জানান, ৩১ জুলাই পর্যন্ত দেশের সবগুলো ভোজ্য তেলের মিল থেকে পুনঃনির্ধারিত দামে তেল বিক্রি করা হবে।
ব্যাবসায়ীরা জানান, বৈঠকে আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীদের মজুদে থাকা তেল তাড়াতাড়ি বাজারে ছাড়ার পরামর্শ দেয়া হয়। এরপরও অনিয়ম হলে আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বাজার পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।
অন্যান্যের মধ্যে ইলিয়াস গ্র"প, এস এ গ্র"পসহ বিভিন্ন আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি, পাইকারি ব্যবসায়ী ও ডিও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বুধবার খাতুনগঞ্জের পাইকারি বাজারে সয়াবিন মনপ্রতি ৪ হাজার ১৮০ টাকা ও পাম অয়েল ৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি হয়। এই হিসাবে প্রতি কেজি সয়াবিন বিক্রি হয়েছে ১১২ টাকা ৯৭ পয়সা এবং পাম অয়েল ১০১ টাকা ৩৫ পয়সায়।
এছাড়া চট্টগ্রামের বিভিন্ন খুচরা দোকানে প্রতি লিটার খোলা সয়াবিন ১২০ টাকা ও পাম অয়েল ১০২ টাকা দরে বিক্রি হয়েছে। আর ৯০০ মিলি লিটারের বোতলজাত সয়াবিন ১২২ টাকা ও পাঁচ লিটারের বোতল ৬১০ টাকায় বিক্রি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/জেকে/এমএইচবি/২১৫৭ ঘ.
bdnews24