২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ার অভিযোগে চট্টগ্রাম বন্দরে দু'জন গ্রেপ্তার

বিদেশের পার্সেল ছাড় করানোর সময় ঘুষ নেওয়ার অভিযোগে বুধবার বন্দর ডাক ও শুল্ক নিরূপণ বিভাগে কর্মরত দু'জনকে গ্রেপ্তার করেছে দুদক ও গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2008, 03:33 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

চট্টগ্রাম, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশের পার্সেল ছাড় করানোর সময় ঘুষ নেওয়ার অভিযোগে বুধবার বন্দর ডাক ও শুল্ক নিরূপণ বিভাগে কর্মরত দু'জনকে গ্রেপ্তার করেছে দুদক ও গোয়েন্দা পুলিশ। এরা হলেন- বন্দর ডাক ও শুল্ক নিরূপণ বিভাগের প্রিন্সিপাল অ্যাপ্রাইজার (পিএ) আব্দুল মজিদ ও চতুর্থ শ্রেণীর কর্মচারী আবুল কালাম। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (গোয়েন্দা) আশিকুল হক ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৯ জুন 'জাপান বায়িং হাউজ'-এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম চৌধুরীর নামে জাপান থেকে পার্সেলে দুটি ল্যাপটপ এসে পৌঁছায় বন্দর ডাক বিভাগের কার্যালয়ে। ৭ জুলাই আবুল কাশেম পার্সেলটি আনতে গেলে আবুল কালাম ভ্যাট বাবদ সাড়ে চার হাজার টাকা এবং বাড়তি আরও দশ হাজার টাকা দাবি করেন। পরে ভ্যাট এবং আরও সাত হাজার টাকা দেওয়ার প্রতিশ্র"তিতে বিষয়টি ফয়সালা হয়। এদিকে আবুল কাশেম ব্যাপারটি একটি গোয়েন্দা সংস্থা এবং দুর্নীতি দমন কমিশনকে (দুদক) জানান। আশিকুল হক বলেন, দুদক ও গোয়েন্দা কর্মকর্তারা বুধবার বিকেল পৌনে ৪টায় আবুল কাশেমের কাছ থেকে সাত হাজার টাকা নেওয়ার সময় আবুল কালামকে গ্রেপ্তার করে। আবুল কালাম জানান- আব্দুল মজিদের নির্দেশে তিনি ওই টাকা নিয়েছেন। পরে আব্দুল মজিদকেও গ্রেপ্তার করা হয়। এ দু'জনের বিরুদ্ধে দুদক মামলা করবে বলে জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এসএনডি/২১২৫ ঘ.