চট্টগ্রাম, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম নগরীর রেয়াজুদ্দিন বাজারের খাজা মার্কেটে চোরাই ভারতীয় শাড়ি জব্দে তল্লাসি অভিযান বন্ধ করেছে বিডিআর।
বুধবার দুপুরে দ্বিতীয় দিনের মত মার্কেটের তৃতীয় ও চতুর্থ তলার শাড়ির গুদামে বিডিআর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযান চালাতে এলে তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির নেতারা অভিযানের আগে আলোচনার দাবি জানান।
পরে বণিক সমিতির সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে অভিযান না চালানোর সিদ্ধান্ত নেয় বিডিআর। এছাড়া আগের দিন জব্দ করা প্রায় ছয় হাজার পিস ভারতীয় শাড়ি আমদানির বিপরীতে বৈধ কাগজপত্র দেখাতে পারলে সেগুলো ফেরতেরও আশ্বাস দেয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে বণিক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাড়ি আমদানির বিপরীতে ব্যবসায়ীদের বৈধ কাগজপত্র থাকলেও বুধবার ভয়ে তারা তা দেখাননি।
প্রায় সব ব্যবসায়ীর কাছে বৈধ কাগজপত্র রয়েছে বলে তিনি দাবি করেন।
শামসুল আলম বলেন, "বিডিআর, পুলিশ, কাস্টমস ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা অভিযানের জন্য খাজা মার্কেটে এলে বণিক সমিতির নেতারা আলোচনায় বসার আহ্বান জানান। বণিক সমিতি কার্যালয়ে নেতদের সঙ্গে আলোচনার পর অভিযান চালানোর সিদ্ধান্ত স্থগিত করে কর্মকর্তারা।"
বৈঠকে বণিক সমিতির নেতারা ছাড়াও বিডিআর ৪৩ ব্যাটালিয়ানের উপ-পরিচালক এ কে এম নুরুল বাহার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার বিডিআর সদস্যরা অভিযানের প্রথম দিনে খাজা মার্কেটের তৃতীয় তলায় পাঁচটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ছয় হাজার পিস ভারতীয় শাড়ি জব্দ করে। এছাড়া ওইদিন মার্কেটের চতুর্থ তলার গুদামগুলোও সিলগালা করে দেয়। এ সময় ম্যাজিস্ট্রেট, কাস্টমস কর্মকর্তা ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডিআর ৪৩ ব্যাটালিয়ানের উপ-পরিচালক মেজর একেএম নুরুল বাহার মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খাজা মার্কেটে বিভিন্ন মালিকের গুদামে চোরাই ভারতীয় শাড়ি মজুদ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। প্রথমদিনে তৃতীয় তলার পাঁচটি গুদাম তল্লাশি করা হয়। গুদামগুলো থেকে জব্দ করা শাড়ি অবৈধভাবে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধরা পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/টিএইচ/এসএনডি/২১২৩ ঘ.
bdnews24