ফারুক ইকবাল
ব্যুরো চীফ, চট্টগ্রাম অফিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রাম, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়ের অস্তিত্ব ও পরিবেশ রক্ষার স্বার্থে পাহাড় ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন কমিটির সভায় ৩০টি প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) মাস্টার প্ল্যান অনুসরণের সুপারিশও করা হয় এতে।
মঙ্গলবার সকালে চউক ভবনে অনুষ্ঠিত 'পাহাড় কাটা ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন কমিটি'র প্রথম সভায় এসব প্রস্তাব করা হয় বলে চউক'র ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. ইকবাল হোসাইন মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
২০০৭ সালের ১১ জুনের অতি বর্ষণ ও পাহাড় ধসের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকার গঠিত বিশেষ কমিটির প্রস্তাবগুলোও এতে অর্ন্তভুক্ত করা হয়েছে বলেও তিনি জানান।
ইকবাল হোসাইন মজুমদার বলেন, "প্রথম সভার প্রস্তাব ও দিক নির্দেশনার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আরও দুই তিন দফা বৈঠকের পর পাহাড় ব্যবস্থাপনা নীতিমালা চূড়ান্ত আকারে প্রকাশ করা হবে।" তার আগে যুৎসই আরও কোন নতুন প্রস্তাব সংযোজন কিংবা গৃহীত প্রস্তাবগুলোর উপর সংশোধনী আনা যেতে পারে বলেও তিনি জানান।
এ সভায় যেসব প্রস্তাব বা সুপারিশ গ্রহণ করা হয়েছে তা কিছুটা সংশোধন করে নীতিমালা প্রণীত হলে পাহাড় কাটা ও তার অভিশাপ থেকে চট্টগ্রাম অনেকখানি রক্ষা পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভায় পাহাড়ি ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে চউক'র মাস্টার প্ল্যান অনুসারে পাহাড় কাটা রোধে বেশ কিছু বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়। এর মধ্যে অন্যতম হল- নগরীর যেসব পাহাড়ি এলাকার গভীরে ব্যাপকভাবে পাহাড় কেটে ইটের ভাটা তৈরি করা হয়েছে সেসব ইটের ভাটা জরুরি ভিত্তিতে বন্ধ করা, পাহাড়ি এলাকার পাদদেশে ১০০ মিটার প্রশস্ত বনাঞ্চলের 'বাফার এলাকা' গড়ে তোলা ইত্যাদি।
চউক'র ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী বলেন, "কমিটি অগ্রাধিকার ভিত্তিতে বনায়নের জন্য কিছু পাহাড়কে নির্বাচিত করেছে। এসব পাহাড়ের মধ্যে রয়েছে- টাইগার পাস ও বাটালি হিল, আকবর শাহ পাহাড়, বেলতলী কাটা পাহাড়, ফয়'স লেক বেস্টনী পাহাড়, ইস্পাহানী পাহাড়, চট্টগ্রাম পলিটেকনিক সংলগ্ন পাহাড় এবং সেনানিবাস সংলগ্ন পাহাড়।"
পাহাড় ও ভূমি ধসের ঝুঁকির মাত্রা কমাতে এ সভায় যেসব সুপারিশ করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল- পাহাড় কাটা বা পাহাড় ধসে জানমালের ক্ষয়ক্ষতি হলে তার দায়দায়িত্ব ও ক্ষয়ক্ষতির সম্পূর্ণ ব্যয়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা পাহাড়ের মালিককে বহন করা, নতুন করে পাহাড়ি এলাকায় প্রকল্প গ্রহণ আইনানুগভাবে নিরুৎসাহিত করা, পাহাড়ি এলাকায় গড়ে ওঠা বস্তি পর্যায়ক্রমে উচ্ছেদ ও পুনর্বাসন এবং নতুন করে যাতে পাহাড়ের গা ঘেঁষে বস্তি গড়ে উঠতে না পারে সেজন্য সংশ্লিষ্ট পাহাড় মালিকদের ব্যবস্থা নেওয়া। এ ক্ষেত্রে তদারকির জন্য সরকারি- বেসরকারি বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে ভিজিল্যান্স টিম গঠন, ইতোমধ্যে যারা অবৈধভাবে পাহাড় কেটে আবাসন প্রকল্প গড়ে তুলেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, ন্যাড়া পাহাড়ে বনায়ন কর্মসূচি বাস্তবায়ন, পাহাড়ি এলাকায় সব ধরনের বৃক্ষ নিধন বন্ধ করা ইত্যাদি।
চউক চেয়ারম্যান শাহ মো. আখতার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরো উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর, রেলওয়ে এবং বেসরকারি সংস্থা ইপসার প্রতিনিধিরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফআই/এফএফ/এমএ/১৬০০ ঘ.
bdnews24