২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মেয়র পদ থেকে সরে দাঁড়ালেন সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজী

সিলেট সিটি কপোরেশন নির্বাচনে মেয়র পদের প্রতিদ্বন্দ্বিতা থেকে এবার সরে দাঁড়ালেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2008, 09:59 AM

Updated : 26 Aug 2022, 02:05 PM

সিলেট, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট সিটি কপোরেশন নির্বাচনে মেয়র পদের প্রতিদ্বন্দ্বিতা থেকে এবার সরে দাঁড়ালেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজী। বুধবার বেলা সাড়ে তিনটার দিকে তার পক্ষে ছোট ছেলে দেওয়ান সাহেদ গাজী সিলেটের উপ নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দিয়েছেন। এর আগে মঙ্গলবার মেয়র পদের প্রার্থিতা সরে দাঁড়ান সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন শামীম। প্রবীণ আওয়ামী লীগ নেতা দেওয়ান ফরিদ গাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন পাড়া, মহল্লা, ভোটার এবং বিভিন্ন গণতান্ত্রিক প্রগতিশীল দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাদের অনুরোধে আমি মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছিলাম। আমার শারীরিক অবস্থা এবং পরিবারের অবস্থান বিবেচনা করে এই নির্বাচনের সঙ্গে আমি সংশ্লিষ্ট ছিলাম না। বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি, পরিবেশ বিবেচনায় এনে আমি মেয়র পদে আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম।" তিনি জানান তার ছোট ছেলে দেওয়ান সাহেদ গাজী বেলা সাড়ে তিনটার দিকে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগ নেতা দেওয়ান ফরিদ গাজী ও ইফতেখার হোসেন শামীম প্রার্থিতা প্রত্যাহার করায় এখন মেয়র প্রার্থী ১৯ জন। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের সাত জন প্রার্র্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এরা হলেন- আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজী, কারাবন্দী বর্তমান মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন শামীম, মহানগরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিসবাহউদ্দিন সিরাজ, জেলা কমিটির সদস্য ও সাবেক সাংসদ ইনামুল হক চৌধুরী বীর প্রতীক ও আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুল। শেষ পর্যন্ত কে দলীয় সমর্থন নিয়ে মেয়র পদে প্রার্থী হবেন এই নিয়ে দলের ভেতরে নানা গুঞ্জন চলছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় দলের প্রার্থী চূড়ান্ত করা হবে বলে মনে করা হচ্ছে। সিটি করপোরেশন নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের সর্বশেষ তারিখ আগামী ১৩ জুলাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএ/১৫৫০ ঘ.