ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মীরপুর-১ নম্বরের একটি অলঙ্কারের দোকানে মঙ্গলবার দুপুরে ডাকাতি হয়েছে। ডাকাতরা অন্তত ৭০০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ চার লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে দোকানের লোকজন জানিয়েছেন।
বর্তমান বাজারমূল্যে ৭০০ ভরি সোনার দাম প্রায় দুই কোটি টাকা।
শাহ আলী শপিং কমপ্লেক্স বিপনী বিতানের দোতলার দেওয়ান জুয়েলার্স নামের ওই জুয়েলারি দোকানের কর্মী ওবায়দুর রহমান জানান, দুপুর দুইটার দিকে ৬/৭ জনের একদল সশস্ত্র ডাকাত দোকানে ঢুকেই তাকে এবং আরেক কর্মচারিকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এর পর ডাকাতরা ৭০০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ চার লাখ সাত হাজার টাকা নিয়ে চলে যায়।
ডাকাতদের সবাই বয়সে যুবক বলেও জানান তিনি।
ওবায়দুর রহমান আরো বলেন, ডাকাতরা সঙ্গে নিয়ে আসা তিনটি ব্যাগ ও কোমর থেকে অস্ত্র বের করে তাদের চুপ থাকতে বলে। মাত্র ৮/১০মিনিটের মধ্যে তারা ব্যাগগুলোতে স্বর্ণালঙ্কার নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
মীরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ বলেন, "আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। ইতোমধ্যে ডাকাতদের গ্রেপ্তার করতে একাধিক গোয়েন্দা সংস্থা কাজ শুরু করে দিয়েছে।"
দেওয়ান জুয়েলার্স নামের ওই জুয়েলারি দোকানের মালিক তাজুল ইসলাম বিপণীবিতানটিরও মালিক। তার
শ্বশুর স্থানীয় আরেকটি মার্কেটের সভাপতি হাজি আকবর হোসেন অভিযোগ করেন কিছু সন্ত্রাসী টেলিফোনে তার ছেলে, মেয়ের জামাই তাজুল ইসলাম এবং তার নিজের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।
আকবর হোসেন বলেন, " চাঁদা দিতে ব্যর্থ হলে তারা আমাদের হত্যা করবে বলেও হুমকি দিয়েছিল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এসকে/১৮০৮ঘ.
bdnews24