ঢাকা, জুলাই, ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইকো দুর্নীতি মামলা দায়ের ও এর কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রিটের ব্যাপারে মঙ্গলবার কোনো আদেশ দেয়নি আদালত।
হাইকোর্ট মামলাটি অনুমোদনের কপি এবং মামলা আমলে নেওয়ার নিম্ন আদালতের আদেশ তলব করেছে।
বুধবার দুপুর ২টার মধ্যে হাইকোর্টে এ নথি উপস্থাপন করতে বলা হয়েছে দুর্নীতি দমন কমিশনকে। (আরো তথ্যসহ)
মঙ্গলবার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের হাইকোর্ট বেঞ্চ খালেদার রিটটির ওপর প্রথম দিনের শুনানি গ্রহণ করে এ আদেশ দেন।
বুধবার দুপুর দুইটায় মামলাটির বৈধতা নিয়ে খালেদার রিটের পরবর্তী শুনানিও অনুষ্ঠিত হবে।
নাইকো দুর্নীতি মামলা দায়ের ও এর কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের হাইকোর্ট বেঞ্চে খালেদার পক্ষে তার পাওয়ার অব অ্যাটর্নি ব্যারিস্টার কায়সার কামাল একটি রিট আবেদনটি দায়ের করেন।
রিটে মামলা বাতিলের আবেদনের পাশাপাশি প্রাথমিকভাবে এ মামলার নিম্ন আদালতের কার্যক্রমের ওপর স্থগিতাদেশেরও আবেদন করা হয়। মামলাটি দায়ের ও এর কার্যক্রম চালিয়ে নেওয়াকে কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না- সরকারের প্রতি তার রুলনিশি জারিরও আবেদন জানানো হয়েছে এতে।
দুর্র্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, দুই কমিশনার, ঢাকার জেলা প্রশাসক ও ঢাকার বিশেষ জজ আদালত নং-৯ কে রিটটিতে বিবাদী করা হয়।
মঙ্গলবার খালেদার পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা এবং অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান।
শুনানিতে তারা বলেন, দুদক মামলাটি যথাযথভাবে অনুমোদন দেয়নি। আইন অনুযায়ী অভিযোগপত্র দায়ের ও মামলা অনুমোদনের সময় দুদককে নথি পর্যালোচনা করে অনুমোদন দিতে হয়। কিন্তু এক্ষেত্রে 'মেকানিক্যালভাবে' অনুমোদন দেওয়া হয়েছে। বিশেষ জজ আদালতও মামলাটি বিচারের জন্য আমলে নেওয়ার সময় যথাযথভাবে অনুমোদন হয়েছে কিনা তা পরীক্ষা করেনি।
আদালত বলেন, "অনুমোদন যথাযথভাবে দেওয়া হয়েছে কিনা এবং মামলাটি সঠিকভাবে আমলে নেওয়া হয়েছে কিনা এ সংক্রান্ত নথি ও আদেশ পরীক্ষা করে দেখা দরকার।"
শুনানিতে অংশ নিয়ে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, "দুদক যথাযথভাবে আইন অনুসরণ করেই মামলাটি অনুমোদন দিয়েছে। বিশেষ জজ আদালতও আইন অনুসরণ করেই মামলাটি আমলে নিয়েছে।"
এরপর বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিট আবেদনে বলা হয়েছে, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে রুলস অব বিজনেস অনুযায়ী কাজ করেছেন। তিনি আইন ও বিধি মোতাবেক রাষ্ট্রীয় সংস্থা বাপেক্সকে তিনটি পরিত্যক্ত গ্যাস ফিল্ড বিষয়ে পদক্ষেপ নিতে বলেছিলেন। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে ও হয়রানির উদ্দেশ্যে খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয়েছে।
এতে আরও বলা হয়, রুলস অব বিজনেস চ্যালেঞ্জ করার এখতিয়ার দুদকের নেই। তাই খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলাটি হতে পারে না।
জরিপ করে ছাতক, ফেনী ও কামতা গ্যাসফিল্ড 'প্রান্তিক ও পরিত্যক্ত' ঘোষণা করা হয়েছে বলেও রিট আবেদনে বলা হয়েছে।
এর আগে গত ২৭ মে নাইকো দুর্নীতি মামলাটি বাতিলের জন্য বেগম খালেদা জিয়ার দায়ের করা আবেদন উত্থাপিত হয়নি বলে খারিজ করে দিয়েছিল হাইকোর্ট।
গত ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে দুর্নীতি দমন কমিশন। অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭শ' ৭৭ কোটি টাকা টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।
২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক মুহম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় বেগম খালেদা জিয়াসহ ৫ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে তেল গ্যাস অনুসন্ধান চুক্তি সম্পাদনের মাধ্যমে রাষ্ট্রের ১০ হাজার কোটি টাকা ক্ষতির অভিযোগ আনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এসকে/১৫১৬ঘ.
bdnews24