২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাছাই শেষে চার সিটিতে মেয়র প্রার্থী ৬২ জন

দুই দিন যাচাই বাছাইয়ের পর নির্বাচন কমিশন সোমবার চার সিটি করপোরেশন নির্বাচনের জন্য মোট ৬২ জন মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করেছে। ঋণ খেলাপসহ বিভিন্ন কারণে বাদ পড়েছেন ৬ জন। >> সিটি ও পৌর নির্বাচনে মনোনয়ন বাছাইয়ের তথ্য জানতে ক্লিক করুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2008, 05:45 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই দিন যাচাই বাছাইয়ের পর নির্বাচন কমিশন সোমবার চার সিটি করপোরেশন নির্বাচনের জন্য মোট ৬২ জন মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করেছে। ঋণ খেলাপসহ বিভিন্ন কারণে বাদ পড়েছেন ৬ জন। চার সিটির মধ্যে সিলেটে মেয়র পদপ্রার্থীর সংখ্যা সবচে বেশি, ২১ জন। এছাড়া রাজশাহীতে ১৬, বরিশালে ১৪ ও খুলনায় ১১ জন প্রার্থীর মনোয়নপত্র কমিশন বৈধ ঘোষণা করেছে। সোমবার নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চারটি সিটি করপোরেশনে কাউন্সিলর পদের জন্য মোট ৮৯৪ জন ও নারীদের জন্য সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য মোট ১৯৩ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে ৯টি পৌরসভায় মেয়র পদে নির্বাচনের জন্য বৈধতা পেয়েছেন মোট ৬৮ জন। এসব পৌরসভায় কাউন্সিলর পদের জন্য মোট ৩৫৯ জন ও নারীদের জন্য সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য মোট ১১৮ জনের মনোনয়ন পত্র গ্রহণ করা হয়েছে। নির্বাচন কমিশন ঘেষিত তফসিল অনুযায়ী, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জুলাই। আগামী ৪ আগস্ট এসব নির্বাচনী এলাকায় একযোগে ভোট গ্রহণ হবে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- রাজশাহী যাচাই বাছাই শেষে মেয়র পদে ১৬, কাউন্সিলর পদে ২৩৬ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬২ প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করেছে নির্বাচন কমিশন। রাজশাহী বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার সৈয়দ মোহাম্মদ মুসা জানান, বাছাইয়ের পর মেয়র পদে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাদ পড়েছে। এদের মধ্যে ঋণখেলাপী হওয়ায় বিএনপির সিদ্দিকুর রহমানের এবং মনোনয়ন ফরমে স্বাক্ষর না থাকায় গোলাম রব্বানীর প্রার্থীতা বাতিল করা হয়। এছাড়া কাউন্সিলর পদে ৭ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩ জনের প্রার্থীতা বাতিল করেছে কমিশন। রাজশাহীতে মেয়র পদের বৈধ প্রার্থীরা হলেন- বর্তমান ভারপ্রাপ্ত মেয়র রেজাউন নবী দুদু, আওয়ামী লীগের এ এইচ এম খায়রুজ্জামান লিটন, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, মাসুদুল হক ডুলু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, জাতীয়তাবাদী যুব দলের মহানগর সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, যুবলীগের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক নাসির আহম্মেদ বিদ্যুৎ, জাতীয়তাবাদী মহিলা দলের মহানগর সভানেত্রী ও সংরক্ষিত আসনের সাবেক সাংসদ জাহান পান্না, জাপা মহানগর সভাপতি দুরুল হুদা, পিডিপি মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট রায়হানুর রহমান রায়হান, বিকল্প ধারার জেলা আহ্বায়ক আখতারুজ্জামান বাবলু, বাসদের সাবেক জেলা সমন্বয়ক রুহুল কুদ্দুস টুনু, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন খান, ফরমান আলী, আবুল কালাম আজাদ বাবু ও আব্দুল খালেক। সিলেট বাছাইয়ের পর সিলেট সিটি করপোরেশনে মেয়র পদে ২১, কাউন্সিলর পদে ২২১ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৪ প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করেছে নির্বাচন কমিশন। বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার খন্দকার মিজানুর রহমান জানান, মেয়র পদে কারো মনোনয়নপত্র বাতিল হয়নি। তবে ঋণখেলাপ, স্বাক্ষর না থাকা বা অন্য কারণে কাউন্সিলর পদে ৫ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪ জনের প্রার্থীতা বাতিল হয়েছে। সিলেটে মেয়র পদের বৈধ প্রার্থীরা হলেন- দেওয়ান ফরিদ গাজী, বদরউদ্দিন আহমদ কামরান, ইফতেখার হোসেন শামীম, অ্যাডভোকেট মেসবাহ উদ্দিন সিরাজ, আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, ইনামুল হক চৌধুরী বীর প্রতীক, বাবরুল হোসেন বাবুল, এম এ হক, নাসিম হোসাইন, আ ফ ম কামাল অ্যাডভোকেট, আলহাজ কুনু মিয়া, আব্দুস সামাদ নজরুল, মো. আব্দুল মুকিত খান, এম কুতুব উদ্দিন আহমদ, মওলানা মো. সিরাজুল ইসলাম, অধ্যক্ষ সৈয়দ মুহিবুর রহমান, বশির আহমদ, ছালাহউদ্দিন রিমন, সৈয়দ হাবিবুর রহমান হিরণ, সৈয়দ আলী আফসার, ড. কাজী কামাল আহমদ। বরিশাল বাছাইয়ের পর সোমবার মেয়র পদে ১৪, কাউন্সিলর পদে ১৭৮ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪১ প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করেছে নির্বাচন কমিশন। বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার মনিরুল ইসলাম জানান, বাছাইয়ে মেয়র পদে কারো মনোনয়নপত্র বাতিল হয়নি। তবে কাউন্সিলর পদে ১১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১ জনের প্রার্থীতা বাতিল হয়েছে। বরিশালের মেয়র প্রার্থীরা হলেন- নাগরিক পরিষদের সভাপতি এনায়েত পীর খান, মহানগর আওয়ামী লীগ যুগ্ম আহ্বয়ক শওকত হোসেন হিরণ, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আব্দুল হক হারুন, মহানগর আওয়ামী লীগ সদস্য আলমগীর হোসেন আলো, মহানগর যুবলীগ যুগ্ম সম্পাদক মাহামুদুল হাসান মামুন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল হক চান, সাবেক মেয়র মহানগর বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিব কামাল, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পিডিবি'র সরফুদ্দিন আহমেদ সান্টু, ভারপ্রাপ্ত মেয়র আওলাদ হোসেন দিলু, আবদুস শহীদ, রফিকুল ইসলাম, অ্যাডভোকেট কবির উদ্দিন হান্নু ও অ্যাডভোকেট জহিরুল হক। খুলনা যাচাই বাছাই শেষে খুলনায় মেয়র পদে ১১, কাউন্সিলর পদে ২৫৯ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৬ প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করেছে নির্বাচন কমিশন। খুলনা বিভাগীয় নির্বাচন কমিশন অফিসের উপ নির্বাচন কমিশনার মো. মোহসিন আলী জানান, বাছাইয়ের পর মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাদ পড়েছে। এদের মধ্যে ঋণখেলাপী হওয়ায় খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, মুসলিম লীগের নগর সভাপতি ও সাবেক মেয়র মো. সিরাজুল ইসলাম এবং সামাজিক রাজনৈতিক আন্দোলনের নগর সমন্বয়কারী এস এম কামরুল আলম মিন্টু বাদ পড়েছেন। সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত কর্মকর্তা এস এম হাফিজুর রহমানের মনোয়নপত্রও বাতিল করা হয়েছে। এছাড়া কাউন্সিলর পদে ২৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১ জনের প্রার্থীতা বাতিল করেছে কমিশন। খুলনার বৈধ মেয়র পদপ্রার্থীরা হলেন- মো. এনায়েত আলী, তালুকদার আব্দুল খালেক, শেখ তৈয়াবুর রহমান, এম ফিরোজ আহমেদ, আব্দুল গফফার বিশ্বাস, মো. মনিরুজ্জামান, মল্লিক আবিদ হোসেন, মনিরুল ইসলাম, এস এম মোসলেম উদ্দিন আহমেদ, মো. আমজাদ খান মজলিস ও শরীফ শফিকুল হামিদ। নয় পৌরসভা কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৯টি পৌরসভায় মেয়র পদে নির্বাচনের জন্য বৈধতা পেয়েছেন মোট ৬৮ জন। এছাড়া কাউন্সিলর পদের জন্য মোট ৩৫৯ জন ও নারীদের জন্য সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য মোট ১১৮ জনের মনোনয়ন পত্র গ্রহণ করা হয়েছে এর মধ্যে রাজশাহীর নওয়াহাটা পৌরসভায় মেয়র পদে ৮, কাউন্সিলর পদে ৪৪ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৭ জনের প্রার্থীতা বৈধ হয়েছে। বগুড়ার দুপচাঁচিয়ায় মেয়র পদে ৬, কাউন্সিলর পদে ৫০ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৬ জনের মনোনয়নপত্র গ্রহণ করেছে কমিশন। চুয়াডাঙ্গা পৌরসভায় মেয়র পদে ৫, কাউন্সিলর পদে ৫৮ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জনের মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। গাজীপুরের শ্রীপুর পৌরসভায় মেয়র পদে ৭, কাউন্সিলর পদে ৪৬ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জনের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। মানিকগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৯, কাউন্সিলর পদে ৭৮ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জনের প্রার্থীতা বৈধ হয়েছে। ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভায় মেয়র পদে ১১, কাউন্সিলর পদে ৪৫ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জনের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। শরীয়তপুর পৌরসভায় মেয়র পদে ৭, কাউন্সিলর পদে ৪২ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন নির্বাচনে অংশ নেয়ার বৈধতা পেয়েছেন। সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৮, কাউন্সিলর পদে ৪৯ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জনের মনোনয়নপত্র গ্রহণ করেছে কমিশন। চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় মেয়র পদে ৭, কাউন্সিলর পদে ৪১ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জনের মনোনয়নপত্র গৃহীত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৩০ ঘ.