রাজশাহী, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ফরিদপুরে তিনজনকে হত্যার দায়ে ছয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে রাজশাহীর একটি আদালত।
এছাড়া দণ্ডিত প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এটিএম মেসবাউদ্দৌলা এই রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- পাবনার ফরিদপুর উপজেলার জালালপুর গ্রামের হান্নান, হাদল গ্রামের গোলজার, শফিউদ্দিন ওরফে শফিক, বালুঘাটা গ্রামের জয়নাল আবেদীন, বাওইখোলা গ্রামের আনিস এবং ষাটগাছা গ্রামের দেলোয়ার।
এদের মধ্যে হান্নান ছাড়া সব আসামি পলাতক।
অভিযুক্ত অপর আট আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। অভিযুক্ত একজন র্যাবের ক্রসফায়ারে মারা যাওয়ায় তাকে আগেই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
২০০৩ সালের ২৫ ডিসেম্বর ভোরে আসামিরা ফরিদপুর উপজেলার হাগরার বিলে ধনুয়া পাড়া গ্রামের ইলু ফকির, নজরুল ইসলাম এবং ভেড়ামারার চরপাড়া গ্রামের মজনুকে গুলি ও জবাই করে হত্যা করে।
এই ঘটনায় ফরিদপুর থানায় অজ্ঞাত দুস্কৃতিকারীদের আসামি করে একটি মামলা হয়। ফরিদপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সবুর তদন্ত শেষে ২০০৪ সালের ১৩ অক্টোবর ১৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। এরা চরমপন্থী দলের সদস্য বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
২০০৮ সালের ৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৮ ঘ.
bdnews24